ঘরে ফেরার আনন্দ
ঘরের ছেলে যেন ঘরে ফিরলেন। তাঁকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস, কোচ-কর্মকর্তাদের আশাবাদ আর উষ্ণহূদয়ে বরণ করে নেওয়া—জর্ডি আলবার মনে হচ্ছে, বিদেশ-বিভুঁই থেকে ফিরে এলেন স্বদেশে। ঘরে ফেরাই। বার্সেলোনার যুবদলে ছিলেন সাতটি বছর। ১৯৯৮ সাল থেকে ২০০৫। ভ্যালেন্সিয়া হয়ে আবার সেই বার্সেলোনাতেই ফিরে এলেন এই ফুলব্যাক। এসেই মন জিতে নিলেন সমর্থকদের। বললেন, ‘ঘরে, নিজের পরিবার, আপনজনদের কাছে ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমার স্বপ্নই যেন পূরণ হলো।’এরিক আবিদালের ক্যারিয়ারে ঘনিয়েছে শঙ্কার কালো মেঘ। লেফটব্যাক পজিশনে একজন খেলোয়াড়ের অভাব গত মৌসুম থেকেই অনুভব করছে বার্সেলোনা। এবারের ইউরোতে যেমন দুর্দান্ত খেলেছেন, বার্সা সমর্থকেরা আশায় বসতি গড়তেই পারে—আবিদালের শূন্যস্থান ভালোভাবেই পূরণ করতে পারবেন আলবা। বয়সও তাঁর মাত্র ২৩ বছর। এক কোটি ৪০ লাখ ইউরোয় বার্সা তাঁকে কিনে এনেছে পাঁচ বছরের জন্য।রক্ষণভাগের খেলোয়াড় হলেও আলবা সৃষ্টিশীল। খেলতে পারেন মাঝমাঠেও। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে তাঁর বেশ ভালো জমবে বলেই ধারণা। মেসির সঙ্গে যেমন জমে ভালো রাইটব্যাক দানি আলভেজের। সব মিলেই আলবা যেন সত্যিকারের এক অলরাউন্ডার। বার্সার টেকনিক্যাল পরিচালক আন্দোনি জুবিজারেতা আলবাকে পেয়ে তাই উচ্ছ্বসিত, ‘ওর টেকনিক্যাল দক্ষতা সত্যিই অসাধারণ। দুই পায়েই ভালো খেলে, ভিন্ন ভিন্ন জায়গায় খেলতেও পারে, সবচেয়ে বড় কথা, ও দারুণ লড়াকু।’বার্সার যুবদলে ছিলেন বলে দলের দর্শনটা তাঁর আত্মস্থ। সেটি এই ইউরোয় স্পেন দলে খেলতে গিয়ে বুঝিয়েও দিয়েছেন। তার পরও মানিয়ে নিতে একটু সময় লাগবে। যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার কাজটি করতে চান আলবা। তাঁর প্রত্যাশা, মেসি খুলে দেবেন সাহায্যের অবারিত দ্বার, ‘বিশ্বের সেরা ক্লাবে এসেছি, মেসিও বিশ্বের সেরা খেলোয়াড়। লিওর সঙ্গে একই দলে খেলা মানেই আপনি প্রতিদিন আরও উন্নতি করবেন। এটা আমার জন্য বিরাট এক সুযোগ। এখানকার সব খেলোয়াড়ই বিশ্বের সেরা। তাদের সমকক্ষ হয়ে ওঠাটা আমার জন্য এখন একটা চ্যালেঞ্জ। আমি আত্মবিশ্বাসী, এই দলে ভালোই মানিয়ে নিত পারব।’ ওয়েবসাইট।