ঘরে সাফল্য, সাফে ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের নিয়োগ এবং নেপালে অনুষ্ঠিত সাফের ব্যর্থতাই ঘরোয়া ফুটবলের বর্ষপরিক্রমায় উঠে আসে সবার আগে । ফাইল ছবি
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের নিয়োগ এবং নেপালে অনুষ্ঠিত সাফের ব্যর্থতাই ঘরোয়া ফুটবলের বর্ষপরিক্রমায় উঠে আসে সবার আগে । ফাইল ছবি

মিশ্র বছর। সাফল্যের পাশে হাত ধরাধরি করে হেঁটেছে ব্যর্থতাও।
২০১৩ সালে দেশের ফুটবল অঙ্গন কখনো আশায় বুক বেঁধেছে। কখনো ঝোড়ো হাওয়ায় আশার পাল গেছে ফুটো হয়ে।
ঘরোয়া ও আন্তর্জাতিক—সালতামামিটা দুটি ক্যানভাসেই উঠে আসে। ঘরোয়া ফুটবলে সাফল্যের নানা উপাদান। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, লিগ, সুপার কাপ—এই চারটি আয়োজনই মাঠে গড়িয়েছে বিদায়ী বছরে। যেটি আশাপ্রদ।
নতুন লিগ চ্যাম্পিয়ন পেয়েছে এ বছর। ফেডারেশন-সুপার কাপও ঘরে তুলে ট্রেবল জয়ের কীর্তি গড়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। পরাশক্তি হিসেবে নিজেদের শেখ রাসেল নিজেদের প্রতিষ্ঠা করল এই ২০১৩ সালেই।
প্রতিদ্বন্দ্বিতার আগুন লিগের মেজাজে যোগ করেছে বাড়তি মাত্রা। খেলোয়াড়েরা পেয়েছেন তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ। ভালো খেলার তাগিদও দেখিয়েছেন স্থানীয় খেলোয়াড়েরা। তাই যথারীতি বিদেশিদের দাপটে স্থানীয় খেলোয়াড়েরা এ বছর অন্তত হারিয়ে যাননি পর্দার আড়ালে।
‘তারকার অভাব’ খানিকটা মুছে দিয়ে আবির্ভূত সনি নর্দে নামের এক ফুটবলার। শেখ রাসেলের জার্সি গায়ে প্রথমে চোখ কেড়েছেন। কদিন আগে শুরু হওয়া নতুন মৌসুমে শেখ জামালের হয়ে মাতিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়াম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন, তাঁর দল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ঘরে তুলেছে দ্বিতীয়বারের মতো। পেশাদারি অবকাঠামো তৈরি করে শক্ত ভিতের ওপর শেখ জামালের দাঁড়িয়ে যাওয়াটা ইতিবাচক দিক।
ঢাকার বাইরের বন্ধ থাকা বেশির ভাগ লিগ আলোর মুখ দেখাটা ছিল বড় সাফল্য। ঢাকায় দ্বিতীয়, তৃতীয় বিভাগ ও পাইওনিয়ার লিগ আগের মতো আর অনিয়মিত নয়। খেলোয়াড় উঠে আসার পাইপলাইন সচলই থেকেছে এ বছর। শীর্ষ লিগে পাতানো খেলার বিষবাষ্পকে একটু দূরে রাখা গেছে, বিষয়টা স্বস্তির।
উচ্চ বেতনে দুজন ডাচ কোচ আনাটাও বলার মতো ঘটনা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অসীম সাহসিকতায় এই প্রথম বিদেশি কোচের সঙ্গে পূর্ণাঙ্গ পেশাদার চুক্তি হলো। কিন্তু মুদ্রার অন্য পিঠ হতাশার আবরণে মোড়া। ঘরোয়া ফুটবল ভালো কাটলেও আন্তর্জাতিক অঙ্গনে কোনো সাফল্যই নেই। উপরন্তু মানসম্মান নিয়েই টান পড়েছে।
ফেব্রুয়ারিতে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে অল্প কদিনের প্রস্তুতিতেই কাঠমান্ডুর এএফসি চ্যালেঞ্জ কাপে বেশ ভালোই করে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ১-০ হারের পর নেপালের বিপক্ষে ২-০ জয়, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসকে ৪-০ গোলে হারানো। ভাগ্যের মারপ্যাঁচে দ্বিতীয় রাউন্ডে ওঠার সিঁড়িটা বাংলাদেশের পায়ের নিচ থেকে সরে যাওয়া ছিল দুর্ভাগ্যজনক।
সেই সিঁড়ি আর খুঁজে পাওয়া যায়নি। সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই সাফ টুর্নামেন্ট শোচনীয় ব্যর্থতার এক প্রামাণ্য দলিল। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট—গ্রুপ থেকেই বিদায় আট দলের মধ্যে সপ্তম। ইচ্ছে করে পা বাঁচিয়ে খেলার অভিযোগ ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। সত্যানুসন্ধান কমিটির তদন্ত বলির পাঁঠা বানায় ডাচ ট্রেনার ইয়ামালিকে। তাঁর এবং ডাচ গোলরক্ষক কোচের বিদায় সাফের পরপরই।
সাফ-ব্যর্থতার কালি গায়ে থাকতে থাকতেই ইরাকে এফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে কুয়েতকে হারানো (১-০) আন্তর্জাতিক সাফল্য বলে উচ্ছ্বসিত হতেই পারেন কর্তারা। ওই টুর্নামেন্টে গ্রুপ রানার্সআপ হয়ে বিদায়। তবে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে নেপালের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের কোনো ব্যাখ্যা নেই। ঘরোয়া ফুটবলের অগ্রগামিতার প্রতিফলন নেই যুব ফুটবলে।
দুই ডাচ কোচকেই এখন কি না বোঝা মনে করছেন কর্তারা! ডি ক্রুইফ এবং তাঁর সহকারী রেনে কোস্টারের পেছনে মাসে খরচ প্রায় ৩০ লাখ টাকা। তাঁদের বেতন বকেয়া পড়েছে। সিলেট একাডেমি দুই বছর পার হলেও চালু করতে না পারা, কোচদের কাজে লাগানোর পরিকল্পনাও দৃশ্যমান না হওয়া, বাফুফের শূন্য তহবিল—সব মিলিয়ে কঠিন সংকটে পড়েই বছরটা শেষ করছে বাফুফে।
কানাগলি থেকে দেশের ফুটবল মহাসড়কে ওঠা জরুরি এখন। সেই প্রেরণা হয়েই কি না বছরের শেষে ঢাকায় এল বিশ্বকাপের ট্রফি। আজকের শিশুরা একদিন হয়তো বিশ্বকাপে ওড়াবে লাল-সবুজ পতাকা। সেটি অনেক দূরের যাত্রা। তার আগে সালাউদ্দিনের ২০২২ কাতার বিশ্বকাপে খেলার পরিকল্পনা হোঁচট খাচ্ছে আর্থিক সংকট আর দেশের বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে।
বাফুফের আর্থিক সংকট দূর হোক। রাজনীতিতে আসুক স্থিতিশীলতা। ভিশন ২০২২ নিয়ে জোর কদমে এগোনো দরকার। ২০১৪ সালে এই স্বপ্নই দেখবে বাংলাদেশের ফুটবল।