ঘরেই ফিরতে চান রবিনহো!
আবির্ভাবেই প্রতিভার ঝলকানি, সান্তোসে সেই তরুণ বয়সেই নাড়িয়ে দিয়েছিলেন বিশ্বকে। তাঁকে বলা হতো ‘ব্রাজিলের নতুন পেলে’। স্বয়ং পেলেও রবিনহোর মধ্যে যেন নিজের উত্তরাধিকার খুঁজে পান। প্রতিভার কমতি নেই। প্রয়োজন শুধু একটু ঘষামাজা আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার বাতাস গায়ে লাগানো। রবিনহোও তাই সত্যিকার ‘পেলে’ হয়ে ওঠার আশায় ২০০৫ সালে সান্তোস ছেড়ে পাড়ি জমান ইউরোপে।নাম লেখান রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। রিয়াল থেকে ম্যানচেস্টার সিটি ঘুরে ব্রাজিলিয়ান তারকা এখন এসি মিলানে। সাত বছরের এই ইউরোপ-ভ্রমণে রবিনহো ‘নতুন পেলে’ খেতাবের মর্যাদা কতটা রাখতে পেরেছেন, সেই বিচার ফুটবলমনস্ক দর্শকের। তবে গুঞ্জন এই, ইউরোপের পাট চুকিয়ে আগামী গ্রীষ্মেই রবিনহো ফিরে যেতে চাইছেন প্রিয় সান্তোসে। ২৮ বছর বয়সী ব্রাজিল তারকা নাকি সান্তোসের পরিচালকদের সঙ্গে যোগাযোগও করেছেন।চাওয়াটা পূরণ হলে সান্তোসে শুরু হবে তাঁর তৃতীয় অধ্যায়। ২০০২ সালে সান্তোসেই পেশাদার ক্যারিয়ার শুরু। দ্বিতীয়বার ২০১০ সালে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে গিয়েছিলেন সান্তোসে। তখনই গুঞ্জন ওঠে, রবিনহো আর সিটিতে ফিরতে চান না। কিন্তু চুক্তির কারণে ফিরলেও বেশি দিন সিটিতে থাকেননি। ইংলিশ ক্লাবটি ওই বছরই তাঁকে বিক্রি করে দেয় মিলানের কাছে। গত মৌসুমে ইতালিয়ান ক্লাবটিকে লিগ শিরোপা জেতালেও চোট আর ফর্মহীনতায় ব্রাজিল তারকা এ মৌসুমে পাদপ্রদীপের আড়ালে।যে প্রতিভা, তাতে রিয়াল ছাড়ার পর থেকেই রবিনহো যেন নিজের ছায়া! ইউরোপ-অধ্যায়ে ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটিয়েছেন রিয়ালেই। সেই রিয়াল ছাড়লেন কেন? সাফল্যপিপাসু স্প্যানিশ ক্লাবটির দৃষ্টি যে তখন ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে! ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পর্তুগিজ তারকা তখন আগুনের স্ফুলিঙ্গ ছড়াচ্ছেন মাঠে। রিয়াল রোনালদোকে পেতে উঠেপড়ে লাগল। রবিনহো হয়ে উঠলেন উপেক্ষার পাত্র।এতদিন পর মনে জমে থাকা কষ্টের কথাটা প্রকাশ করলেন রবিনহো, ‘আমার অসাধারণ কিছু মুহূর্ত আছে সেখানে। কিন্তু আমার বিদায়টা ছিল হতাশাজনক। রিয়াল কোনো একজনকে (ক্রিস্টিয়ানো রোনালদো) কিনতে চেয়েছিল। আর এ কারণে আকস্মিকভাবেই আমাকে নিয়ে তাদের আগ্রহ ছিল না। যেভাবে আমাকে মাদ্রিদ ছাড়তে হয়েছে, আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি। অবশেষে আমার চুক্তিটা শেষ হয়ে যায় (যদিও রোনালদোর সঙ্গে চুক্তি করে এক বছর পর)। ক্লাব খুশি ছিল না। আমারও মূল্যায়ন হচ্ছিল না এবং আমি ক্লাব ছাড়তেই চাইছিলাম।’ ওয়েবসাইট।