ঘরের ছেলের ঘরে ‘ফেরা’
অনেক দিন পরবাসী হয়ে ছিলেন। ইউরো উপলক্ষে পুরো দেশ যখন ফুটবল উৎসবে মত্ত, পোল্যান্ড ঘরে ফিরিয়ে আনল তার মাটিতে জন্ম নেওয়া সবচেয়ে প্রতিভাবান ফুটবলারকে। সশরীরে ফেরার অবশ্য উপায় ছিল না কাজিমিয়ের্জ ডেইনার। যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেখানেই সমাহিত করা হয়েছিল। ২৩ বছর পর সাবেক এই তারকা ফুটবলারের দেহাবশেষ ফিরিয়ে আনা হলো পোল্যান্ডে। ৬ জুন, ইউরো ২০১২ শুরুর ঠিক দুই দিন আগে জন্মভূমিতে আবারও সমাহিত হবেন ডেইনার। লেজিয়া ওয়ারশ স্টেডিয়ামের সামনে একটি মূর্তিও উন্মোচন করা হবে তাঁর।পোলিশ ফুটবলের সবচেয়ে স্বর্ণালী সময় এসেছিল ডেইনার সময়েই। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে সোনা জিতেছিলেন। দুই বছর পর অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছিল তাঁর দল। ঠিক ফরোয়ার্ড ছিলেন না। খেলতেন অ্যাটাকিং মিডফিল্ডে। তার পরও জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ৪১ গোল। এখনো তিনি পোল্যান্ডের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ক্যারিয়ারও বেশ ঝলমলে। তিন মৌসুম খেলেছেন ম্যানচেস্টার সিটিতেও। ১৯৮১ সালে চলে যান যুক্তরাষ্ট্রে। খেলেছেন সান ডিয়েগো সকার্সের হয়ে। ১৯৮৯ সালে সান ডিয়েগো শহরেই মৃত্যু।ডেইনা আরেকটি কারণেও বিখ্যাত, ১৯৮১ সালে মুক্তি পাওয়া আলোচিত ছবি এসকেপ টু ভিক্টরিতে অভিনয় করায়। ওই ছবিতে মাইকেল কেইন, সিলভেস্টার স্ট্যালনের মতো চলচ্চিত্রতারকার পাশাপাশি পেলে, ববি মুররাও অভিনয় করেছেন। এএফপি।