ঘরের দলের জয়ে শেষ চট্টগ্রাম-পর্ব
যত লোক বসে, তার চেয়েও বেশি দাঁড়িয়ে। গ্যালারিতে নিচে-ওপরে হাঁটার জায়গাগুলোতে গায়ে গা ঘেঁষাঘেঁষি মানুষ। চট্টগ্রামের গ্যালারিভরা দর্শকের কথা এখন ক্লিশে শোনাতে পারে। তবু বলতে হচ্ছে আরেকবার। কাল শেষ দিনেই যে হলো সবচেয়ে বেশি দর্শক! জায়গা নিয়ে বেশ একচোট মারামারি-হাতাহাতিও হয়ে গেল প্রেসবক্সের ডান পাশের গ্যালারিতে।গ্যালারিতে জায়গা নিয়ে যতটা লড়াই হলো, মাঠের ভেতরে ক্রিকেটের লড়াই হলো ঠিক তার উল্টো। নিঃসন্দেহে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে একতরফা ম্যাচ। ঘরে দর্শকদের আনন্দে উন্মত্ত করে জয় দিয়ে চট্টগ্রাম-পর্বের ইতি টানল চিটাগং কিংস। ঢাকা গ্ল্যাডিয়েটরসকে হারাল ৫৪ রানে। অধিনায়কত্বের হাতবদল আর ঘরের মাঠের আশীর্বাদে হঠাৎই যেন চিটাগং কিংস অন্য এক দল। দুদিন আগেও তলানিতে থাকা দল এখন পয়েন্ট টেবিলের তিনে!সপ্তম ম্যাচে এসে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ঢাকা। সাকিবের পর চোটের কারণে কাল অধিনায়ক মাশরাফিকেও পায়নি চ্যাম্পিয়নরা। দল থেকে বলা হয়েছে, কোমরের সামান্য ব্যথার কারণে বিশ্রাম। কিন্তু এম এ আজিজের বাতাসে ঘুরে বেড়াল অনেক গুঞ্জন, নেপথ্যে কিছু থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।তার পরও অবশ্য ঢাকার এমন পরাজয় ধারণা করা যায়নি প্রথম ইনিংস শেষে। মন্থর উইকেটেও ১৪৩ রানের লক্ষ্যটা খুব কঠিন ছিল না। দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেলর (৩১ বলে ৪১) ও রায়ান টেন ডেসকাটের (১৬ বলে ২৩) সঙ্গে নাঈম ইসলামের (৩৮ বলে ৫০) দুটি অর্ধশত জুটি চিটাগংকে নিয়ে যাচ্ছিল বড় রানের পথে। ১৫ ওভার শেষে রান ছিল ৩ উইকেটে ১২২। কিন্তু সেখান থেকে ২০ রানের মধ্যেই হারিয়ে ফেলল ৭ উইকেট!চিটাগংয়ের শেষের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা শুরুটা করল যেন আরও বাজে। পাওয়ার প্লেতে উঠল এবারের বিপিএলের সর্বনিম্ন রান (১৫/৪), ৪৩ রানে নেই ৭ উইকেট! আশরাফুলের ৪৮ বলে ৩৩ পারেনি ঢাকাকে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে বাঁচাতে (আগের রেকর্ড এবারই খুলনার, ৮৯)। অসহায় আত্মসমর্পণ বলেই শুধু নয়, যে মানসিকতা নিয়ে ব্যাট করল ঢাকা, তা জন্ম দিল অনেক প্রশ্নেরও।সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ১৪২ (নাঈম ৫০, বোপারা ০, টেলর ৪১, ডেসকাট ২৩, মাহমুদউল্লাহ ১১, ওরাম ১, কুপার ১, মেহরাব জুনিয়র ৬*, আরাফাত ০, রুবেল ০, এনামুল জুনিয়র ২; টমাস ২/১১, মোশাররফ ২/১৭, লোকুয়ারাচ্চি ২/২৬, আশরাফুল ১/১০, মাহবুবুল ১/২৬)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ৮৮/৮ (কব ১, আশরাফুল ৩৩, এনামুল ১, ওয়াইস ০, স্টিভেনস ০, সৌম্য ২, লোকুয়ারাচ্চি ২, টমাস ১২, মোশাররফ ১৬*, মাহবুবুল ১৩*; ওরাম ২/৭, আরাফাত ২/১১, এনামুল জুনিয়র ২/১৬, রুবেল ১/৭)।ফল: চিটাগং কিংস ৫৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।