ঘরের মাঠ বলেই জিতেছে ব্রাজিল!
স্পেন পাত্তাই পায়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলে বিধ্বস্ত করে কনফেডারেশনস কাপের হ্যাটট্রিক শিরোপা জিতেছে ব্রাজিল। তবে এর কৃতিত্বটা ব্রাজিলীয় খেলোয়াড়দের দিতে রাজি নন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।ম্যারাডোনার বিশ্বাস, ফাইনালটা নিজেদের মাটিতে হয়েছে বলেই জিতেছে ব্রাজিল। ‘নিরপেক্ষ’ ভেন্যুতে হলে শিরোপা যেত স্পেনের ঘরে। ৫৬ বছর বয়সী এই কিংবদন্তি মনে করেন, একেবারে বৈরী পরিবেশে খেলতে হয়েছে বলেই নিজেদের মেলে ধরতে পারেনি ভিসেন্তে দেল বস্কের দল।‘সর্বশেষ’ প্রেমিকা রসিও অলিভাকে (২২) নিয়ে এই মুহূর্তে ইন্দোনেশিয়ায় আছেন ম্যারাডোনা। সেখানেই ব্রাজিল দলের সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক, ‘স্পেনের দুর্ভাগ্য যে তাদের ব্রাজিলের মাটিতে খেলতে হয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে খেললে ওদের হারাতে পারত না ব্রাজিল।’ম্যারাডোনা ব্রাজিলকে কৃতিত্ব না দিলেও তা বেশ আগেই দিয়ে রেখেছেন দেল বস্ক। ফাইনালে হারের পরই স্পেন কোচ অকপটে স্বীকার করেন, শ্রেষ্ঠতর দল হিসেবেই জিতেছে ব্রাজিল। প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে জয় পাওয়া ব্রাজিলকে নিয়ে যখন গোটা ফুটবল-বিশ্ব প্রশংসায় পঞ্চমুখ, সেখানে ঠিক উল্টো অবস্থানে ম্যারাডোনা। নাপোলি গ্রেট যেন আরেকবার প্রমাণ করলেন, ব্রাজিল দল যত সাফল্যই পাক না কেন, তাঁর প্রশংসা কোনোদিন পাবে না! গোল ডটকমের খবরে বলা হয়, স্বদেশি তারকা লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়েও কথা বলেছেন ডিয়েগা ম্যারাডোনা, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে এখনো নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে অনেক এগিয়ে।’২০১৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এর আগে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট জিতে ব্রাজিলীয় খেলোয়াড়েরা বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আসল দাবিদার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই। ম্যারাডোনা অবশ্য স্বপ্ন বুনছেন তাঁর দেশ আর্জেন্টিনাকে নিয়েই, ‘পরবর্তী বিশ্বকাপ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে। আশা করছি, চ্যাম্পিয়নের মুকুট পরবে আর্জেন্টিনা।’