নিজের দেশে হাজারো সমর্থকের সামনে খেলার সুবিধা তো আছেই। কিন্তু সেটা কি এতটাই যে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও ৩-০ গোলের জয় এনে দিতে পারে? খেলাটা মারাকানায় না হয়ে অন্য কোথাও হলে কি ব্রাজিল পারত স্পেনকে হারাতে? পারত না। ডিয়েগো ম্যারাডোনা অন্তত সেটাই মনে করছেন। স্রেফ নিজের দেশে ফাইনাল হওয়ার কারণেই নাকি ব্রাজিল স্পেনকে হারাতে পেরেছে, ‘স্পেনের দুর্ভাগ্য যে টুর্নামেন্টটা ব্রাজিলেই হয়েছে। ওদেরও সম্ভাবনা ছিল। যদি নিরপেক্ষ কোনো মাঠে খেলা হতো, তাহলে ব্রাজিল ওদের হারাতে পারত না।’ যার নৈপুণ্যে ব্রাজিল স্পেনকে হারিয়েছে বলে অনেকেই ভাবছেন, সেই নেইমারের কিছুদিন পরেই অভিষেক হবে বার্সেলোনায়। যেখানে আছেন ম্যারাডোনারই উত্তরসূরি লিওনেল মেসিও। দুজনের তুলনা হচ্ছে অনেক দিন ধরেই। তবে এ ক্ষেত্রেও স্বদেশিকেই সবার চেয়ে এগিয়ে রাখছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর, ‘মেসিই বিশ্বসেরা ফুটবলার। সে এখনো নেইমার এবং রোনালদোর চেয়ে ভালো।’ মেসির মতো একজন থাকার পরও অবশ্য গত দুটি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছে আর্জেন্টিনা। তবে ইন্দোনেশিয়া সফররত ম্যারাডোনা আশাবাদী এই ব্যর্থতা ঝেড়ে ফেলে আগামী বিশ্বকাপে শিরোপা জিততে পারবে লিওনেল মেসির দল, ‘পরের বিশ্বকাপ পাবে লাতিন আমেরিকার কোনো দল। আমি আশা করছি, আর্জেন্টিনাই শিরোপা জিতবে।’ এএফপি।