ঘরের মাঠ বলেই সেঞ্চুরিটা পেলেন না!

প্রত্যেক ক্রিকেটারই প্রিয় কিছু মাঠ থাকে। চট্টগ্রামে ব্যাট ও বল হাতে বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স থাকলেও সাকিব আল হাসান যেমন মিরপুরের হোম অব ক্রিকেটকেই তাঁর প্রিয় মাঠ মনে করেন। ইডেন গার্ডেন আর মোহাম্মদ আজহারউদ্দিন যেন ছিলেন কপোত-কপোতি। ইডেনের কথা ভুলতে পারবেন না ভিভিএস লক্ষ্মণও। সিডনির ক্রিকেট মাঠটা ব্রায়ান লারার এতই পছন্দ, নিজের মেয়ের নামই তিনি রেখে দিয়েছেন সিডনি!
প্রিয় মাঠের ক্ষেত্রে অনেকেই নিজেদের শহরের মাঠকেও বেছে নিতে চান। এদের মধ্যে রিকি পন্টিংয়ের অনুভূতিটা অবশ্য মিশ্রই। তাসমানিয়ার হোবার্টে নিজের নাড়িপোঁতা মাঠে পন্টিংয়ের প্রথম তিনটি ইনিংস ছিল এমন: ৪, ০ এবং ০! হোবার্টে অবশ্য পরে একটা ডাবল সেঞ্চুরি দিয়ে সেই দুঃখ ভুলেছেন পন্টিং।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে শচীন টেন্ডুলকারের সম্পর্কটা কেমন? প্রেমের, নাকি দাম্পত্যের? প্রেমে থাকে শর্তহীন আবেগ। কিন্তু দাম্পত্যে থাকে অনেক চড়াই-উতড়াই। মুম্বাইয়ের ময়দানে খেলে বেড়ে ওঠা টেন্ডুলকারের নিশ্চয়ই ওয়াংখেড়ে নিয়ে অন্য রকম আবেগ আছে।
এই ওয়াংখেড়েতেই ১৯৮৭ বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের বলবয় ছিলেন। নিশ্চয়ই তখন স্বপ্ন দেখেছেন, ভারতের হয়ে এই মাঠে খেলার। যে স্বপ্ন তাঁর পূরণ হয়েছিল ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের বিপক্ষেই ভারত যখন খেলতে নামল মুম্বাই টেস্টে।
মুম্বাইতে, নিজের ঘরের মাঠের প্রথম ইনিংসে টেন্ডুলকার করলেন ৭৮। আর আজ ৭৪। এই দুইয়ের মাঝখানে যা থাকল, সেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের পক্ষ থেকে টেন্ডুলকারকে দেওয়ার এবং না-দেওয়ার সব গল্প।
২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আজন্ম আরাধ্যের বিশ্বকাপ ট্রফিটি হাতে তুলেছিলেন টেন্ডুলকার। কিন্তু এও সত্যি, এই স্টেডিয়ামে গত ১৬ বছর ধরে সেঞ্চুরি পাচ্ছেন না মুম্বাইয়েরই সন্তান! টেস্টে এখানে ১৯ ইনিংসে টেন্ডুলকারের সেঞ্চুরি মাত্র একটি। সেটিও ১৯৯৭ সালের ডিসেম্বরের ঘটনা। এ মাঠে তাঁর একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি আরও ১২ মাস আগের!
২০০০ সালে প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই যে গেরোটা লাগল, সেই গেরো নিজের শেষ ইনিংসে খুলব খুলব করেও খুলে ফেলতে পারলেন না টেন্ডুলকার। এ মাঠে টেস্টে তাঁর এক সেঞ্চুরির বিপরীতে আট ফিফটি। ফিফটির ইনিংসগুলোকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে যিনি সবচেয়ে ওস্তাদ, সেই টেন্ডুলকার এখানে তিন অঙ্কের জাদুকরী সেই সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন অনেকবার। অনেকবারই টেন্ডুলকারের সেঞ্চুরি দেখার জন্য ওয়াংখেড়েতে নড়েচড়ে বসা দর্শক হতাশ হয়ে বাড়ি ফিরেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এ মাঠে ৮৫ রানে আউট হয়েছিলেন, ১৯৯৪ সালে। এর পর প্রোটিয়াদের বিপক্ষে সেই ৯৭ তো আছেই। ২০০১ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে করলেন ৭৬ ও ৬৫। তিন বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার ৫৫। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন মনে হচ্ছিল গেরোটা খুলে ফেলবেনই, সে সময়ই ওয়াংখেড়ে টেন্ডুলকারকে সাজঘরে পাঠাল সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থাকতে!
আর আজ সম্ভাব্য শেষ ইনিংসেও ওয়াংখেড়ের অপয়া ভূতটারই জয় হলো। নরসিং দেওনারাইনের লাফিয়ে ওঠা বলটা কাট করতে গিয়ে স্লিপে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচের শিকার হলেন টেন্ডুলকার! কয়েক সেকেন্ডের শ্মশানের নীরবতা নেমে এল ওয়াংখেড়েতে। ওয়াংখেড়ে নিজেও যেন অলক্ষ্যে জিভ কামড়াল হতাশায়!