ঘরের মাঠই অপয়া দ. আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ শুরুর আগে নিয়মিত ছবি। কাল সেঞ্চুরিয়নে ট্রফি হাতে দুই অধিনায়ক গ্রায়েম স্মিথ (বাঁয়ে) ও মাইকেল ক্লার্ এএফপি
সিরিজ শুরুর আগে নিয়মিত ছবি। কাল সেঞ্চুরিয়নে ট্রফি হাতে দুই অধিনায়ক গ্রায়েম স্মিথ (বাঁয়ে) ও মাইকেল ক্লার্ এএফপি

টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। এক নম্বর ব্যাটসম্যান একই দলের এবি ডি ভিলিয়ার্স। বোলারদের শীর্ষ দুজনও দক্ষিণ আফ্রিকান—ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন।
এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দিকে তাকান। টেস্ট র‌্যাঙ্কিং তিন। বোলারদের শীর্ষ পাঁচে রায়ান হ্যারিস (৩) আর পিটার সিডল (৫) অস্ট্রেলিয়ান প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন বটে, কিন্তু সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একজনও অস্ট্রেলিয়ান নেই! দুই দলের সর্বশেষ ছয় টেস্টের তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া মাত্র একটি। এই ফর্ম আর পরিসংখ্যান কি বলছে না—আজ থেকে শুরু সেঞ্চুরিয়ন টেস্টেই শুধু নয়, ঘরের মাঠে তিন টেস্টের এই সিরিজেই দক্ষিণ আফ্রিকা ফেবারিট?
হয়তো। কিন্তু ইতিহাস বলছে, নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রায় সিকি শতাব্দীতে নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা! সব মিলিয়ে স্বভূমে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ১৩টি সিরিজ, তাতে জয় কেবল দুটিতে। সর্বশেষটি প্রায় ৪৫ বছর আগে, গ্রায়েম স্মিথের এই দলের কোনো খেলোয়াড়েরই জন্ম হয়নি তখন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠই এমন অপয়া দক্ষিণ আফ্রিকার জন্য!
ইতিহাস যে পক্ষে নেই, সেটা জানা আছে হাশিম আমলারও। তবে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান এটিকেই কাজে লাগাতে চাইছেন, ‘একটা দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য অনুপ্রেরণাও। অন্য দৃষ্টিকোণ হচ্ছে, আমরা এটা নিয়ে খুব বেশি ভাববই না।’ দু দলের সর্বশেষ সিরিজটি অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে এসেছে প্রোটিয়ারা। নিজেদের মাঠে সেটিরই পুনরাবৃত্তি করার স্বপ্ন আমলার চোখে, ‘আশা করি, স্বাগতিক দর্শকের জন্য হলেও আমরা দেশের মাঠে এবার জয় পাব।’
একজন অবশ্য তাঁর সঙ্গে দ্বিমত করছেন। তিনি অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অ্যাশেজ রূপকথার নেপথ্য কারিগরদের একজন—পেস বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমট। ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দেওয়া মিচেল জনসনের রূপান্তরের পেছনে রয়েছে তাঁর হাতের পরশও। প্রথম টেস্টের আগে অনুশীলনে শিষ্যকে বল করতে দেখে সেই ম্যাকডারমটের উচ্ছ্বাসটা দক্ষিণ আফ্রিকানদের কপালে ভাঁজ ফেলার মতোই, ‘অস্ট্রেলিয়ায় সে (জনসন) যে রকম বল করেছে, ওয়ান্ডারার্সে অনুশীলনে তার চেয়েও একটু ভালো করেছে। বিশেষ করে ও এখানে বেশ লেট সুইং পাচ্ছে। ক্রিস রজার্সকে সে যে বলটা করেছে, আমি গত ৩৫ বছরে এমন বল খুব একটা দেখিনি। বলটা লেগ স্টাম্পের দিকে যেতে যেতে পরে রজার্সের অফ স্টাম্প উড়িয়ে নিয়ে গেছে।’ সেঞ্চুরিয়নের উইকেট ম্যাকডারমটকে ব্রিসবেনের গ্যাবার কথাও মনে করিয়ে দিচ্ছে।
দেশ থেকে এত দূর গিয়েও সবকিছু এত চেনাজানা মনে হচ্ছে অস্ট্রেলিয়ার! দক্ষিণ আফ্রিকার স্বাগতিক হওয়ার সুবিধাটা কি তাহলে শুধু দর্শক-সমর্থনেই সীমাবদ্ধ থাকবে? এএফপি, ক্রিকইনফো।
ক্যালিসকে ছাড়া
টেন্ডুলকারকে ছাড়া ভারতকে যেমন অচেনা লেগেছিল, আজ দক্ষিণ আফ্রিকাকেও তেমনই লাগবে। জ্যাক ক্যালিস বিদায় নেওয়ার পর যে এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ১৯ বছর আগে ক্যালিসের অভিষেক থেকে যে ১৮৪টি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা, তার মাত্র ১৮টিতেই ছিলেন না এই অলরাউন্ডার।