ঘরের মাঠও টানছে না আফতাবকে!
নিজের মাঠ, পরিচিত দর্শক, চেনা উইকেট...এসব কথা এখন বড় ক্লিশে মনে হয় তাঁর কাছে। চট্টগ্রামের ছেলে আফতাব আহমেদ নিজেকে দেখতে শুরু করেছেন আপাদমস্তক ক্রিকেটারের আয়নায়। ক্রিকেটার আফতাবের প্রতিবিম্ব সেখানে বড় ঝাপসা চট্টগ্রামে এসে কালকের দিনটা দলের বেশির ভাগ ক্রিকেটার বিশ্রামে কাটালেও বিকেলে ঘণ্টাখানেকের জন্য জিমনেসিয়ামে যাওয়া তিন ক্রিকেটারের মধ্যে আফতাব একজন। জিমনেসিয়াম থেকে হোটেলে ফিরে গোসল সেরে বাসায় যাচ্ছিলেন। একবারে রাতের খাওয়া খেয়ে ফিরবেন। কিন্তু ‘হোম সিক’ আফতাবের মধ্যে বাড়ি ফেরার চাঞ্চল্য কোথায়! নিজের ঘরে এক বেলা বেশি থাকার জন্য যে আফতাব জাতীয় লিগের খেলাও খেলতে চাইতেন ম্যাচের দিন সকালে ঢাকা পৌঁছে, তাঁর চোখে-মুখে ঘরে ফেরার আনন্দ তো ঝিলিক দিয়ে গেল না! কঠিন বাস্তবতা আফতাবকে শিখিয়ে দিয়েছে, নিজের মাঠ আর চেনা উইকেটের চেয়েও অনেক বড় ব্যাপার আত্মবিশ্বাস। ‘আমি ভালো খেলতে পারি’—এই উপলব্ধি। আইসিএল থেকে ফিরে আবার জাতীয় দলে আসার পর থেকেই বুঝতে পারছেন, কিছু একটা বদলে গেছে। হয় তিনি, নয়তো আন্তর্জাতিক ক্রিকেটটাই, ‘নিজের মাঠ বলে আর কিছু নেই। আমার ঢাকায়ই কিছু একটা করা উচিত ছিল। আসলে মাঝখানে হারিয়ে যাওয়া দুইটা বছর অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি আফতাব আজীবন ক্রিকেটটাকে দেখেছি ফান হিসেবে। আর এখন মাঠে নামতে নার্ভাস লাগে, আত্মবিশ্বাসের অভাবে ভুগি! কোথায় যে কী বদলে গেল নিজেও জানি না।’ নিউজিল্যান্ড সফরেই কোচ জেমি সিডন্স বলে দিয়েছিলেন, আফতাব এই পর্যায়ের ক্রিকেটের জন্য প্রস্তুত নন। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতাও সেটাই বলে—নিউজিল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফেরার পর চার ওয়ানডেতে আফতাবের রান ১০, ১৮, ২ ও ৪। আর একমাত্র টেস্টের দুই ইনিংসে ৩৩ ও ৮। আফতাবের মতো ব্যাটসম্যানের তো নিজেকে ফিরে পেতে এতটা সময় লাগার কথা নয়! তাহলে কি কোচের কথাই ঠিক? হোটেল পেনিনসুলার লবিতে বসে আফতাব বলেন, ‘আরে কোচ কী বলবে, আমি নিজেও তা-ই বলি। এই আফতাব আগের সেই আফতাব না। কোচ যে বলেছেন, আমি এই পর্যায়ের ক্রিকেটে খেলতে প্রস্তুত নই, সেটা এখনকার আফতাব সম্পর্কে বলেছেন। তিনি চান আইসিএলে যাওয়ার আগের আফতাবকে। আমি সেটাই হতে পারছি না।’নিজের ওপর বিশ্বাস এখন এতটাই দুর্বল যে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় আগামীকালের শেষ ওয়ানডেতে খেলার আশা ছেড়েই দিয়েছেন আফতাব। স্বগতোক্তির মতো মুখ দিয়ে বেরিয়ে এল, ‘খেলে কী হবে? আর আপনি কি মনে করেন এর পরও আমাকে নেবে? এভাবে না, এভাবে না। আরও ভালো প্র্যাকটিস করে ফিরতে হবে...।’কিন্তু আফতাবের জন্য আরেকটা সুযোগের সর্বোত্তম মঞ্চ তো হতে পারে চট্টগ্রামের মাঠই! আফতাব সেটা মানলে তো, ‘নিজের মাঠ-টাঠ কিছু না। বরং গ্যালারি থেকে সবাই যখন আফতাব-আফতাব বলে চিল্লাবে, উল্টো চাপে না পড়ে যাই...!’হ্যাঁ, ক্রিকেটকে বিনোদন ভাবা, ক্রিকেটকে বিনোদন উপহার দেওয়া আফতাবের কাছে এখন ক্রিকেট খেলাটাই হয়ে দাঁড়িয়েছে মস্ত এক চাপ। চট্টগ্রামের এই তরুণ যেন ভুলেই গেছেন, এক সময় এই শব্দটা তাঁর অভিধানেই ছিল না!