উইন্ডসর পার্কের নাম না থাকা স্ট্যান্ড শিগগিরই একটা নাম পেতে যাচ্ছে!ডমিনিকার ছবির মতো সুন্দর স্টেডিয়ামটি ক্যারিবিয়ানদের নবতম টেস্ট ভেন্যু। গ্যালারির বিভিন্ন অংশের নাম—গ্রেসন শিলিংফোর্ড স্ট্যান্ড, আরভিন শিলিংফোর্ড স্ট্যান্ড, নরবার্ট ফিলিপ স্ট্যান্ড ও অ্যাডাম স্যানফোর্ড স্ট্যান্ড। ছোট্ট এই দ্বীপ থেকে উঠে এসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলেছেন এই চারজন। একটি স্ট্যান্ডের নামকরণ বাকি ছিল, সেটির ফয়সালা হয়ে গেল পরশু। নিশ্চিতভাবেই ওই স্ট্যান্ডের নাম হতে যাচ্ছে শেন শিলিংফোর্ড স্ট্যান্ড!পরশু মাঠে নেমেই একটি ইতিহাস গড়ে ফেলেছেন শিলিংফোর্ড। ঘরের মাঠে টেস্ট খেলা প্রথম ডমিনিকান তিনি, আগের চারজনের সৌভাগ্য হয়নি ঘরের মাঠে খেলার। শুধু এ কারণেই স্ট্যান্ডের নামকরণ হতে পারে শিলিংফোর্ডের নামে। সঙ্গে যোগ হয়েছে পারফরম্যান্স। দুর্দান্ত বোলিংয়ে ঘরের মাঠে অভিষেকের দিনটা নিজের করে নিয়েছেন ডমিনিকার ছেলে। ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট, হাতছানি দিচ্ছে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। দল জিতুক বা হারুক, ওই স্ট্যান্ডে নিজের নামটা খোদাই করেই ফেলেছেন শিলিংফোর্ড!জয়-পরাজয় এখনো বহু দূর, তবে শিলিংফোর্ডের সৌজন্যে প্রথম দিনেই ম্যাচের লাগাম ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। আবারও ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে রানের জন্য ধুঁকেছে অস্ট্রেলিয়া। ধরে রাখতে পারেনি উইকেটও। পুরো ৯০ ওভার খেলে রান ৭ উইকেটে ২১২।‘বাউন্সে ধ্বংস’ শুনলে বিধ্বংসী কোনো ফাস্ট বোলারের কথাই মনে হবে। পরশু হয়েছে উল্টো। অস্ট্রেলিয়াকে ভুগিয়েছে শিলিংফোর্ডের বাউন্স। উচ্চতা ও হাই আর্ম অ্যাকশন মিলিয়ে উইকেট থেকে দারুণ বাউন্স আদায় করে নিয়েছেন এই অফ স্পিনার। সঙ্গে টার্ন ও দুসরা তো ছিলই। চারটি উইকেটই টার্ন ও বাড়তি বাউন্সের ফসল। কাট করতে গিয়ে ডেভ ওয়ার্নার ধরা পড়েছেন কাভারে, রিকি পন্টিং লেগ স্লিপে, মাইকেল ক্লার্ক শর্ট লেগে আর মাইক হাসি স্লিপে।এর আগে ক্যারিবিয়ান পেসাররাও কম ভোগাননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। মেঘলা আকাশের নিচে টস জিতে ব্যাটিং নেওয়াটাই ছিল সাহসী সিদ্ধান্ত। প্রথম দুই টেস্ট বাইরে থাকা রবি রামপল ফিরেই গর্জে উঠেছেন। নিজের দ্বিতীয় বলেই ফিরিয়েছেন এড কাওয়ানকে। উইকেট বুঝে নিজেদের সহজাত ব্যাটিং ভুলে ওয়ার্নার-ওয়াটসন ছিলেন ভীষণ সাবধানী। দ্বিতীয় উইকেটে সতর্ক ব্যাটিংয়ে ৮৪ রানের জুটি হলো। মারকাটারি ব্যাটিংয়ের জন্য পরিচিত ওয়ার্নারের ফিফটি ছুঁতে লাগল ১৩৩ বল! স্যামিকে পুল করতে গিয়ে ওয়াটসন আউট। শিলিংফোর্ডের দাপটে এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষঅস্ট্রেলিয়ান লেজের ঝাপটায় আবারও দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারদের সঙ্গে নিয়েই অসাধারণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ওয়েড, তৃতীয় টেস্টেই পেয়ে গেছেন প্রথম টেস্ট সেঞ্চুরি (১০৬)। ফিফটি (৫০) ছুঁয়েছিলেন ১১০ বলে, পরের ফিফটি এসেছে ৩৩ বলেই! অস্টম উইকেটে স্টার্কের (৩৫) সঙ্গে গড়েছেন ৫৭ রানের জুটি, নবম উইকেটে হিলফেনহসের (১৯) সঙ্গে ১০২! তিন বলের মধ্যে শেষ ২ উইকেট তুলে নিয়ে শিলিংফোর্ড শেষ করেছেন ১১৯ রানে ৬ উইকেট নিয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। চা বিরতির সময় রান ৩ উইকেটে ৭৫।