
অপরাজিত ১২২। ২৯তম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরিতে স্যার ডনকে ছোঁয়া। রানে অ্যালান বোর্ডারকে ছাড়ানো। আর অপরাজিত সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেওয়া। হ্যামিল্টন টেস্টটাকে মনে রাখার অনেকগুলো উপলক্ষই পেয়ে গেলেন কাল শিবনারায়ণ চন্দরপল। ১৭তম অপরাজিত সেঞ্চুরি করে টেন্ডুলকারকে পেছনে ফেলা এই বাঁহাতির দলও আছে ভালো অবস্থানে।
সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটা নিউজিল্যান্ডকে চাপে ফেলেই শেষ করেছে ড্যারেন স্যামির দল। দিনের শুরুতে শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে নিউজিল্যান্ডকে হতাশ করেছেন চন্দরপল। এরপর দুই স্পিনার সুনীল নারাইন ও ভিরাসামি পেরমলের স্পিনে হাঁসফাঁস করেছেন কিউই ব্যাটসম্যানরা।
আগের দিন ৮৬ রানেই ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ বিপর্যয় এড়িয়েছিল চন্দরপল-রামদিনের ২০০ রানের জুটিতে। সেঞ্চুরি করে উইকেটকিপার রামদিন আউট হয়ে গেলেও অভিজ্ঞ চন্দরপল সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন। দিনের অষ্টম ওভারের প্রথম বলে টিম সাউদিকে সীমানাছাড়া করেই ২৯তম সেঞ্চুরি ছুঁয়েছেন গায়ানিজ ব্যাটসম্যান। সেঞ্চুরি পাওয়ার আগে-পরে স্যামি ও নারাইনকে হারালেও পেরমল ও বেস্টকে নিয়ে শেষ ২ উইকেটে ৬০ রান যোগ করে অপরাজিত থেকেই যান চন্দরপল। অলআউট হওয়ার আগে ক্যারিবীয়রা করেছে ৩৬৭।
নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৩ উইকেটে ১৫৬ রান করে। স্পিনের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে কিউইদের। একাদশে শিলিংফোর্ডের জায়গা নেওয়া নারাইন তো জেরবারই করে ছেড়েছেন তাদের। নামের পাশে মাত্র ২ উইকেট, ২২ ওভারের টানা স্পেলে আরও কয়েকটি উইকেট পেতে পারতেন এই অফ স্পিনার। আগের দিন টস জিতে ফিল্ডিং নিয়ে বিভ্রান্ত হওয়া ম্যাককালামকে কাল বিস্মিত করেছে উইকেটের আচরণ। সেডন পার্কের উইকেটে যে এভাবে স্পিন ধরবে, সেটা ভাবতে পারেনি নিউজিল্যান্ড। ঘরের মাঠে ৫৮ রান করলেও বিস্মিত উইলিয়ামসন উইকেটের আচরণে, ‘এখানে আমি কখনোই বলকে এভাবে ঘুরতে দেখিনি। কী আর করা, আমাদের এখন এটাকেই সামলাতে হবে। পরিবর্তন আনতে হবে গেম প্ল্যানে।’
নারাইনের বোলিংয়ের অদ্ভুত ধরনেই বিভ্রান্ত উইলিয়ামসন, ‘তাকে খেলাটা খুব কঠিন। বলটা আসছে সেটা আপনি দেখতে পারেন কিন্তু বলটা এত জোরে আসে যে শট খেলাই মুশকিল।’
উইলিয়ামসনের পর ফিফটি পেয়েছেন রস টেলরও। ৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করা সাবেক অধিনায়ক টানা তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন কি না, সেটা হয়তো এরই মধ্যে জেনে গেছেন অনেকে। এএফপি, ক্রিকইনফো।