ঘরের মাঠে ফিরছেন ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী দুঃসময়ই না যাচ্ছিল তখন স্টুয়ার্ট ব্রডের! অ্যাশেজের দুই টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ার পর ছিটকে গেলেন চোট নিয়ে। দীর্ঘ চোট কাটিয়ে ফিরলেন শ্রীলঙ্কার বিপক্ষে, ৩ টেস্টে মাত্র ৮ উইকেট। দলে জায়গা নিয়েই টানাটানি। চরম দুঃসময়ে ব্রডকে দুই হাত ভরিয়ে দিল ঘরের মাঠ। ভারতের বিপক্ষে হ্যাটট্রিকসহ নিলেন ক্যারিয়ার-সেরা ৬ উইকেট!এই তো গত জুলাইয়ের ঘটনা। ক্যারিয়ার ট্র্যাকে ফিরল, হারিয়ে যাওয়া সময়টাকে যেন পুষিয়ে দিতে লাগলেন। আজ আবার নামছেন নিজের মাঠ ট্রেন্ট ব্রিজে। এবার আর ক্যারিয়ার বাঁচানোর লড়াইয়ে নয়, বরং আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ পুড়েছে মূলত তাঁর আগুনেই। ক্যারিয়ারে প্রথম ১০ উইকেট (১১/১৬৫) পেয়ে ম্যাচসেরা। এই পারফরম্যান্স তাঁকে তুলে এনেছে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের তিনে!ঘরের মাঠে নামার আগে যেন টগবগ করে ফুটছেন ব্রড। ক্যারিয়ারের মোড় পাল্টে দেওয়া ভারতের বিপক্ষে সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করে জানালেন এই মাঠ তাঁর হূদয়ের কতটা কাছে, ‘হ্যাটট্রিকসহ ওই ৬ উইকেট নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। ট্রেন্ট ব্রিজে খেলতে আমি দারুণ ভালোবাসি। ঘরের মাঠের সমর্থন অসাধারণ!’ব্রডের হ্যাটট্রিক ওই ম্যাচের মোড়ই পাল্টে দিয়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২২১ রানের জবাবে ৫ উইকেটে ২৭৩ রান তুলে ফেলেছিল ভারত। ব্রড মুহূর্তে সব পাল্টে দিলেন। টানা তিন বলে ফেরালেন মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং ও প্রাভিন কুমারকে। হ্যাটট্রিকটার কথা মনে পড়লে এখনো রোমাঞ্চিত হন ব্রড, ‘আমরা যখন নতুন বল নিলাম, ভারত তখন দারুণ অবস্থানে। আকাশে ঝকঝকে রোদ। এটা ছিল শনিবার বিকেল। হ্যাটট্রিকটা হলো সম্ভবত ৫টার দিকে। দর্শক যেন উন্মত্ত হয়ে গেল। আমি কুমারকে বোল্ড করার পর পুরো আবহটা ছিল অবিশ্বাস্য!’সেবার ছিল ক্যারিয়ার বাঁচানোর দায়, এবার থাকবে অন্য রকম চাপ। লর্ডসে ১১ উইকেট নেওয়ার পর প্রত্যাশার চাপ তো বাড়বেই! সঙ্গে ঘরের মাঠে ভালো করার তাগিদ। আবারও হয়তো জ্বলে উঠতে পারেন ব্রড। ট্রেন্ট ব্রিজে হয়তো দেখা যাবে আরেকটি ‘ব্রড স্পেশাল!’ এএফপি।