ঘরের মাঠে বার্সার আর্সেনাল-পরীক্ষা
আনন্দধারা, নাকি হতাশার অন্ধকার—লন্ডনে আজ এবং আগামীকাল কোনটা দেখা যাবে? নাকি থাকবে দুটিরই মিশেল? চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে উত্তর লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও টটেনহাম হটস্পার আজ ও আগামীকাল মাঠে নামছে। আজ বার্সা-আর্সেনাল ম্যাচ। কাল টটেনহাম নিজেদের মাঠে খেলবে এসি মিলানের বিপক্ষে।প্রথম লেগ জেতায় এগিয়ে আছে লন্ডনের দুটি দল। আর্সেনাল জিতেছিল ২-১ গোলে। তা হোক, শেষ আটে জায়গা করে নেওয়া দুই দলের জন্যই কঠিন। প্রথমত, আর্সেনালের সামনে বার্সা, যারা খেলবে নিজেদের মাঠে। দ্বিতীয়ত, আর্সেনাল বা টটেনহাম কোনো দলেরই এখন পর্যন্ত ইউরোপ-সেরার মুকুট পরার ইতিহাস নেই। ওদিকে দেখুন, বার্সেলোনা ও এসি মিলান দুই দল মিলে ইউরোপ-সেরা হয়েছে ১০ বার! গত মৌসুমে শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে বার্সেলোনাকে ২-২ গোলে আটকে দিয়েছিল ‘গানার’রা। দ্বিতীয় লেগে বার্সা ৪-১ গোলে আর্সেনালকে উড়িয়ে দিয়েছিল। সেবার বার্সার ৪টি গোলই করেছিলেন লিওনেল মেসি। মেসির আর্জেন্টাইন ও বার্সা সতীর্থ হাভিয়ের মাচেরানো বলেছেন মেসি আজ এর চেয়েও বড় কিছু করবে। সেই বড় কিছু নাকি ৫ গোল!বার্সা-আর্সেনালের অতীত লড়াইয়ের ইতিহাস এগিয়ে রাখছে বার্সাকে। এবার নকআউট পর্বের প্রথম লেগের আগে পর্যন্ত দুই দল চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে ৫ বার। দুটি ম্যাচ ড্র, তিনটি হেরেছে গানাররা। আবার খেলাটাও হচ্ছে ন্যু ক্যাম্পে। বার্সেলোনার মাঠে খেলা মানে বার্সা যে কী করে বসে কে জানে!তবে আজকের ম্যাচে সমস্যায় আছে বার্সা। চোটের কারণে খেলতে পারছেন না বার্সার রক্ষণভাগের অভিজ্ঞ দুই যোদ্ধা কার্লোস পুয়োল ও জেরার্ড পিকে। কোচ পেপ গার্দিওলাও আছেন হাসপাতালে। তাহলে কি একটু চাপে রয়েছে বার্সা? হতেও পারে, আবার হতে পারে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়।আজ ইতালির ক্লাব এএস রোমাকে দিতে হচ্ছে শাখতার দোনেৎস্ক-পরীক্ষা। নামের বিচারে এগিয়ে রোমা। কিন্তু নিজেদের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা সর্বশেষ ১১টি ম্যাচে পরাজয় নেই শাখতারের। রোমার বিপক্ষে তারা খেলছে নিজেদের মাঠেই। প্রথম লেগে রোমার মাঠ থেকে ৩-২ গোলে জিতে আসা শাখতার তাই প্রথমবারের মতো উঠে যেতে পারে কোয়ার্টার ফাইনালে। এএফপি, ওয়েবসাইট।