ঘরের মাঠেও দুর্ভাগা চিটাগং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের মতো না হলেও এমএ আজিজের গ্যালারি কালও থাকল প্রায় পূর্ণ। যথারীতি সেই দর্শকদের আরও একরাশ হতাশা উপহার দিল ঘরের দল। নিজেদের মাঠে এসেও হারের বলয় থেকে বেরোতে পারছে না চিটাগং কিংস। তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে বরিশাল বার্নার্সের কাছে হেরে একেবারেই তলানিতে নেমে গেছে চিটাগং। ৬ রানের জয়ে বরিশাল উঠে এসেছে চারে।১৮২ রানের পিছু ছোটায় চিটাগং দুই ওপেনার নাঈম ও বোপারাকে হারায় অল্পতেই। তবে প্রয়োজনীয় রানরেটটাকে নাগালের মধ্যে রেখেছিলেন ব্রেন্ডন টেলর ও রায়ান টেন ডেসকাট। ১০ ওভার শেষে চিটাগংয়ের রান ছিল ২ উইকেটে ৯০। বরিশাল ম্যাচে ফেরে ইলিয়াস সানির বাঁহাতি স্পিনে। সানির পরপর দুই ওভারে টেলর ও ডেসকাটের বিদায়ে রানের গতিটাও কমে আসে। অধিনায়ক মাহমুদউল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু সহায়তা পাননি অন্য প্রান্ত থেকে। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৩০ বলে ৩৬ রানের জুটিতে নিজেকে হারিয়ে খোঁজা আফতাবের অবদান ছিল ১২ বলে ৯! শেষ ওভারে প্রয়োজন ছিল ২১, কবির আলীর বলে কুপারের চার-ছয়ে চিটাগং নিতে পারে ১৪।বরিশালের ইনিংসটি ছিল ‘দশে মিলি করি কাজ’-এর আদর্শ উদাহরণ। ৪০ পেরোতে পারেননি একজনও, তবে ২০ পেরিয়েছেন পাঁচজন। এতেই উঠে যায় ১৮২ রান। ঝোড়ো শুরু এনে দেন ব্র্যাড হজ (১৪ বলে ২১), তিনে নামা সাব্বির রহমান ধরে রাখেন গতিটা (২৭ বলে ৪০)। পরে আজহার মেহমুদ (২৯ বলে ৩৫), ফিল মাস্টার্ড (১৭ বলে ২৩) ও অলক কাপালিরা (২০ বলে ২৯*) বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করাতেই বড় সংগ্রহ। চিটাগং কেবল সেটার কাছাকাছিই যেতে পেরেছে, ছুঁতে পারেনি। সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৮২/৫ (ডেনলি ৫, হজ ২১, সাব্বির ৪০, মেহমুদ ৩৫, মাস্টার্ড ২৩, অলক ২৯*, কবির ১০*; কুপার ২/২৭, রুবেল ১/২৪, টেইট ১/৩৭)। চিটাগং কিংস: ২০ ওভারে ১৭৬/৬ (নাঈম ১৪, বোপারা ৯, টেলর ৫১, ডেসকাট ২৪, মাহমুদউল্লাহ ৪৫, আফতাব ৯, কুপার ১৪*, টেইট ১*; সানি ৩/২৪, মেহমুদ ২/৩৬)।ফল: বরিশাল বার্নার্স ৬ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আজহার মেহমুদ।