ঘরের শত্রু সাকলায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকলায়েন মুশতাক
সাকলায়েন মুশতাক

পাকিস্তানি হয়েও পরশু তিনি হয়ে যাবেন পাকিস্তানের প্রতিপক্ষ। হূদয়ের গহিনে দেশপ্রেমের যে সত্তাটা আছে, সেটা চাইবে পাকিস্তানের জয়। কিন্তু নিজের মেধা আর সামর্থ্য সবটুকুই সেদিন উজাড় করে দিতে হবে পাকিস্তান-বধ পরিকল্পনায়! ১ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচটা এমনই কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে সাকলায়েন মুশতাককে। সাবেক পাকিস্তানি স্পিনার যে এখন ওয়েস্ট ইন্ডিজের স্পিন পরামর্শক। সুনীল নারাইন আর স্যামুয়েল বদ্রিদের শিক্ষক!
স্পিন উপদেষ্টা হয়ে অন্য দেশের জন্য কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয় সাকলায়েনের জন্য। অবসরের পর ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে সেখানেই থিতু হয়ে গড়েছেন ক্রিকেট একাডেমি। কিছুদিন আগেও তিনি কাজ করেছেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে। এর আগে এক বছর ছিলেন নিউজিল্যান্ডের স্পিন উপদেষ্টা। তবে কোচিং স্টাফে দলে তাঁকে পেয়ে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো উচ্ছ্বসিত। সেটা ঢাকায় আসার পর বেশ কয়েকবারই বলেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। পরশু অস্ট্রেলিয়াকে হারানোর পর আরেকবার বললেন বদ্রিও, ‘সত্যি কথা বললে, সাকলায়েন আমাদের দলে একটা সুস্থির ভাব এনে দিয়েছেন এবং এটা আমাদের পারফরম্যান্সেও সাহায্য করছে। কোনো ধরনের পরিস্থিতিতেই তিনি মাথা গরম করেন না।’
যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সাকলায়েনকে নিয়ে এতটা উচ্ছ্বসিত, ঠিক একই কারণে উদ্বিগ্ন পাকিস্তান। কোনো সন্দেহ নেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে একটা বড় ভূমিকা থাকবে আজমল-হাফিজ ও বাবরদের। আর এই পাকিস্তানি স্পিনারদের সাকলায়েনের চেয়ে ভালোভাবে কে পড়তে পারবেন! কোচ মইন খান নাকি এ জন্যই আগে থেকে সতর্ক করে দিয়েছেন তাঁর খেলোয়াড়দের। পাকিস্তানের বিপক্ষে শুধু নারাইন-বদ্রিকে কীভাবে বল করতে হবে শুধু সেটা নয়, পাকিস্তানি স্পিনারদের কীভাবে খেলতে হবে সেটাও তো ভালোভাবেই জানেন সাকলায়েন।
কিন্তু এভাবে ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে গিয়ে কেমন লাগছে? টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪৯৬টি উইকেটের মালিক সাবেক পাকিস্তানি স্পিনার বললেন, ‘আমি পাকিস্তানি এবং পাকিস্তানের জয় দেখতে আমার ভালো লাগে। কিন্তু একই সঙ্গে আমি পেশাদার কোচও। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তানের বিপক্ষে খেলবে কোচ হিসেবে, আমি চাইব নারাইন-বদ্রি এবং অন্য স্পিনাররা যাতে ভালো করে এবং দলের জয়ে অবদান রাখে।’
সেটা হলে অবশ্য আক্ষেপটা পাকিস্তানেরই বেশি হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেনি বলে আগে অনেকবার সাকলায়েন আফসোস করেছেন। এবার কি পাকিস্তানও করবে!