ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিমরা ম্লান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ক্রিকেটের শীর্ষ তারকা হলেও ঘরোয়া ক্রিকেটে সাকিব, তামিম, মুশফিকদের দাপট সামান্যই
দেশের ক্রিকেটের শীর্ষ তারকা হলেও ঘরোয়া ক্রিকেটে সাকিব, তামিম, মুশফিকদের দাপট সামান্যই

বাংলাদেশে প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার পথচলা শুরু হয়েছে সেই ১৯৯৯ সালে। জাতীয় লিগ শিরোনামের এ প্রতিযোগিতাটি এই কিছুদিন আগ পর্যন্ত ছিল দেশের একমাত্র ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। গত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নামের আরও একটি ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ায়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতা দীর্ঘ পরিসরের ক্রিকেটে দেশের ক্রিকেটারদের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে একটি ভালো উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে সব মহলেই। কিন্তু বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর প্রতিযোগিতার পরিসংখ্যানে চোখ বোলালে একটু ধাক্কাই খেতে হয়। ব্যাটিং, বোলিং, ব্যক্তিগত অর্জন—এসব পরিসংখ্যানে বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের নাম খুঁজে পেতে আপনাকে গলদঘর্ম হতে হবে।
ঘরোয়া প্রথম শ্রেণীর প্রতিযোগিতার সব আসর মিলিয়ে সর্বনিম্ন দুই হাজার ৫০০ রান করা ব্যাটসম্যানদের তালিকায় নেই সাকিব, মুশফিক, তামিম, নাসিরদের মতো ক্রিকেটাররা। সর্বনিম্ন দুই হাজার ৫০০ রান করা মোট ৩১ জন ক্রিকেটারের মধ্যে বর্তমানে জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটার আছেন মাত্র আটজন। এঁরা হলেন মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, জহুরুল ইসলাম, মেহরাব হোসেন, শামসুর রহমান, মার্শাল আইয়ুব এবং সগীর হোসেন। জাতীয় দল থেকে বিদায় নেওয়া ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় আছে খালেদ মাসুদ, জাভেদ ওমর, হান্নান সরকার ও রাজিন সালেহর নাম।
বাকি যেসব ক্রিকেটারের নাম এই তালিকায় আছে, তাঁরা দেশের ঘরোয়া ক্রিকেটের প্রেক্ষাপটে পরিচিত হলেও সাধারণ ক্রিকেটামোদীদের কাছে বলতে গেলে অখ্যাতই।বাংলাদেশ ক্রিকেটের তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করেছেন মাত্র এক হাজার ৯০২। তামিম ইকবালের ফার্স্ট ক্লাস রান এক হাজার ৯৭১। মুশফিকুর রহিমের এক হাজার ৪৬৫! মজার ব্যাপার হলো, ঘরোয়া ক্রিকেটকে যেখানে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সিঁড়ি ভাবা হয়, বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটি অন্য রকম।এখানকার ঘরোয়া ক্রিকেটের পারফরমাররা আন্তর্জাতিক মঞ্চে অনুজ্জ্বল।আর ঘরোয়া ক্রিকেটে সে রকম রেকর্ড না থাকার পরও তামিম-সাকিবরাই শেষ পর্যন্ত মূল ভরসা!

দেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত রান সংগ্রহের তালিকার শীর্ষস্থানটি বাঁহাতি ব্যাটসম্যান ফয়সাল হোসেনের। ২০০৪ সালের দিকে দু-একটি সিরিজে জাতীয় দলে সুযোগ হয়েছিল তাঁর। এরপর থেকে ফয়সাল হোসেন নামটি জাতীয় নির্বাচকদের কাছে বিস্মৃতই। অথচ এই ফয়সাল হোসেনই জাতীয় লিগে এযাবত্কালের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ৯০টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়ে ৪০.৯১ গড়ে, ১৪৭ ইনিংসে ফয়সালের সংগ্রহ পাঁচ হাজার ৪৮৩ রান। তাঁর শতকের সংখ্যা ১১টি, অর্ধশতক ৩২টি; ১৩ ইনিংসে অপরাজিত থাকা ফয়সালের ব্যক্তিগত সর্বোচ্চ ১৮০।

ফয়সালের পর যে কটি নাম এই তালিকায় আছে, তাঁদের মধ্যে ক্রিকেটামোদীদের কাছে পরিচিত নাম—রাজিন সালেহ ও নাজিমউদ্দিন। রাজিনের সংগ্রহ চার হাজার ৭০১ রান, নাজিমের চার হাজার ৫৭১ রান। ফয়সাল হোসেনের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনিসুর রহমান (৩২.৬২ গড়ে ৪৮৯৩ রান) ও চতুর্থ স্থানে থাকা ইমতিয়াজ হোসেন (২৮.০৪ গড়ে ৪৫৭২ রান) ক্রিকেটামোদীদের কাছে খুব একটা পরিচিত মুখ নন। রাজিন সালেহ ও নাজিমউদ্দিনের অবস্থান এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম। রাজিন ও নাজিম দুজনেরই গড় দুর্দান্ত। রাজিনের ৩৯.৮৩, নাজিমের ৪১.৯৩।

সমসাময়িক কালে জাতীয় দলে মোটামুটি নিয়মিত নাম জহুরুল ইসলাম। তিনি এই তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। ব্যাটিং গড় ৩৮.২৪। ৪২৮৩ রানের মালিক জহুরুলের শতক ৯টি, অর্ধশতক ২৬টি। শামসুর রহমানও বর্তমানে জাতীয় দলের আশপাশেই আছেন। দেশের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে ৩৫.২৯ গড়ে শামসুরের সংগ্রহ তিন হাজার ৩৫ রান। মেহরাব হোসেন জুনিয়রের গড় ৪২.১৩; সংগ্রহ তিন হাজার ৩৪ রান। নাঈম ইসলামের গড় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত। ৪৫.২৬ গড়ে তাঁর মোট রান তিন হাজার ৩৩। সগীর হোসেনের সংগ্রহ তিন হাজার ২২ রান। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের গড় তাঁর ব্যাটিং পজিশন অনুযায়ী মানানসই—২৭.৭২।

প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় অবশ্য জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা বারবারই এসেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিক রকিবুল হাসান। ২০০৭ সালে ফতুল্লা স্টেডিয়ামে বরিশাল বিভাগের হয়ে সিলেটের বিপক্ষে রকিবুলের অপরাজিত ৩১৩ রানের ইনিংসটি এখনো রেকর্ড বইয়ে উজ্জ্বল। রকিবুলের ত্রিশতকের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে ১০টি দ্বিশতক। এই ১০টি দ্বিতকের মালিক যথাক্রমে মোহাম্মদ আশরাফুল (২৬৩), হাবিবুল বাশার (২২৪), ফরহাদ হোসেন (২১৬), মিনহাজুল আবেদীন (২১০), মার্শাল আইয়ুব (২০৯), নাজিমউদ্দিন (২০৫ ও ২০৪) খালেদ মাসুদ (২০১) এবং হাসানুজ্জামান (২০০)। একমাত্র ব্যাটসম্যান হিসেবে নাজিমউদ্দিনের ব্যাট থেকে এসেছে দুটি ডাবল সেঞ্চুরি।

জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল অবশ্য ব্যক্তিগত ইনিংসের এই তালিকায় বারবারই নাম উঠিয়েছেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে একাধিক বড় ইনিংস। এই তো কিছুদিন আগেই চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে তিনি ১৯২ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন। তামিম গত মৌসুমেই ১৮৩ রানের আরও একটি ইনিংস খেলেছিলেন সিলেটের বিপক্ষে। এই দুই ইনিংসের মাধ্যমে তামিম নিজের তারকাখ্যাতির প্রতি কিছুটা হলেও সুবিচার করেছেন।

 সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় নিজের নাম তুলেছেন এনামুল হকও। তাঁর ১৯৩ রানের ইনিংসটিও এসেছে গত মৌসুমেই। জুনায়েদ সিদ্দিকও তাঁর ১৮১ রানের ইনিংসটি খেলেছিলেন গত মৌসুমে।

এ ক্ষেত্রে একটি মজার তথ্য দেওয়া যেতে পারে। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দীর্ঘ তালিকায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা নাসির হোসেনের মতো ব্যাটসম্যানদের নাম না থাকলেও এই তালিকায় নিজের নাম তুলেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। ২০০৪-০৫ মৌসুমে ইলিয়াস সানি চট্টগ্রামের হয়ে বরিশালের বিপক্ষে ১৭৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ইলিয়াস সানি বোধ হয় নিজেও ভুলে গেছেন তাঁর সেই ইনিংসটির কথা।

এবার বোলিং রেকর্ডে আসা যাক। ঘরোয়া প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় বোলিং পরিসংখ্যানে জাতীয় দলের ক্রিকেটারদের অবস্থা অবশ্য খুব একটা খারাপ নয়। উইকেট সংগ্রাহক শীর্ষ ১০ বোলারের মধ্যে আছেন জাতীয় দলের স্পিনার আবদুর রাজ্জাক। তাঁর সংগ্রহ ২১০ উইকেট। সেরা ৯/৮৪। ২২২ উইকেট নিয়ে এতে আছেন ইলিয়াস সানিও। মোশাররফ রুবেলের সংগ্রহ ২২৮ উইকেট, এনামুল হক জুনিয়রের ২০৮ উইকেট। এই চার খেলোয়াড়ের পাশাপাশি ২৫৫ উইকেট নিয়ে শীর্ষস্থানে থাকা মোহাম্মদ শরীফ জাতীয় দলে ভুলে যাওয়া নামই। নাবিল সামাদ (২২৬), আরাফাত সানি (২২৩), সাকলাইন সজীব (১৯৮) ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হলেও জাতীয় দলে দেখা ডাক এখনো পাননি। সাব্বির খান (২১৭) সেভাবে জাতীয় দলে কখনোই খেলেননি। তারেক আজিজ খান (১৮৭) ডেভ হোয়াটমোরের আমলে নিয়মিত হলেও এখন দৃশ্যপটের বাইরে থাকা খেলোয়াড়। সূত্র: উইজডেন ক্রিকেট রেকর্ডস (১৭ জানুয়ারি ২০১৩ সাল পর্যন্ত)