ঘরোয়া ক্রিকেট খেলতে পারছেন না আফ্রিদি-ইউসুফ!
চলমান পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর প্রেসিডেন্ট কাপে খেলতে চেয়েছিলেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ। উদ্দেশ্য, নিজেদের পারফরম্যান্স আরও ভালো করা। তবে আফ্রিদি-ইউসুফকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আফ্রিদি-ইউসুফকে অনুমতি না দেওয়ার পেছনে পিসিবির যুক্তি, টুর্নামেন্টের শুরু থেকে সংশ্লিষ্ট দলের সঙ্গে ছিলেন না তাঁরা। পাকিস্তানি দৈনিক ‘ডন’ এ তথ্য জানিয়েছে।দুই বছর ধরে জাতীয় দলের বাইরে ইউসুফ। একসময়ের তারকা এই ব্যাটসম্যানকে সর্বশেষ পাকিস্তানের হয়ে দেখা গিয়েছিল ২০১০ সালের নভেম্বরে, দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে। আফ্রিদির অবস্থা অবশ্য ইউসুফের মতো নয়। শ্রীলঙ্কায় গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি তারকা এই অলরাউন্ডার। নিজের ফর্ম ফিরে পেতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে চেয়েছিলেন তিনি।ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি এর আগেও অবশ্য চেয়েছিলেন ইউসুফ। কিন্তু পিসিবি তা দেয়নি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ইউসুফ স্থানীয় গণমাধ্যমে বলেছিলেন, ‘জাতীয় দলে ফেরানোর শর্ত হিসেবে পিসিবি ঘরোয়া ক্রিকেটে আমার ফর্ম আর ফিটনেসের প্রমাণ চায়। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতিও আমাকে দেয় না। ২০১০ সাল থেকে ঘরোয়া কোনো দলকে প্রতিনিধিত্ব করিনি আমি।’