ঘরোয়া ক্রিকেটেও বিশ্বকাপের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মৌসুমের আগমনধ্বনি শোনা যাচ্ছে। এ আর নতুন কী! নতুন তো আছেই, ২০১০-১১ মৌসুমটাকে যে আলাদা করে দিচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশেই শুরু হবে এই ক্রিকেট-মহাযজ্ঞ। ঘরোয়া ক্রিকেটের সূচি-টুচি করার সময়ও তাই মাথায় রাখতে হচ্ছে ২০১১ বিশ্বকাপকে।প্রথমে কথা ছিল, বিশ্বকাপের আগে শুধু ওয়ানডেই হবে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু তাতে কিছু ফাঁকা সময় থেকে যায় বলে জাতীয় লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। তা ছাড়া দেশের সব ক্রিকেটারই তো আর বিশ্বকাপ খেলবেন না। এই দুই কারণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় লিগের চার দিনের ম্যাচ। তবে বিশ্বকাপের আগে চার দিনের ম্যাচের প্রথম পর্বটাই শুধু হবে। ২৩ অক্টোবর প্রথম পর্ব শেষে ২৬ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে জাতীয় লিগের ওয়ানডে টুর্নামেন্ট। বলতে পারেন, ঘরোয়া ক্রিকেটে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু হয়ে যাবে তখন থেকেই।জাতীয় লিগের মাঝখানে হয়ে যাবে ঢাকা লিগের দলবদল। এখন পর্যন্ত দলবদলের সম্ভাব্য তারিখ—প্রথম বিভাগ ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ৮ থেকে ১১ নভেম্বরের যেকোনো দুই দিন (চূড়ান্ত তারিখ ঠিক হয়নি এখনো) প্রিমিয়ার লিগ। ২০ অক্টোবর শুরু হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হবে ১২ ডিসেম্বর। টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর। প্রিমিয়ার লিগের ওয়ানডে শুরু হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে, শেষ ২৫ জানুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের কোনো ম্যাচই, ওয়ানডে লিগের প্রথম পর্বও।বিশ্বকাপের প্রস্তুতির কারণে শুধু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নয়, ফতুল্লা স্টেডিয়ামও হয়তো পাওয়া যাবে না। প্রিমিয়ার লিগের খেলা তাই চলে যেতে পারে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট আছে সিসিডিএমের চিন্তায়। ঢাকার ভেন্যু হিসেবে থাকতে পারে কেবল বিকেএসপি। তবে সংস্কারকাজ শুধু মাঠের বাইরে বলে প্রিমিয়ার লিগের সম্ভাব্য ভেন্যুর তালিকা থেকে এখনো পুরোপুরি বাদ হয়ে যায়নি ফতুল্লা স্টেডিয়াম।সিসিডিএমের সমন্বয়কারী কাজী আইনুল ইসলাম অবশ্য জানিয়েছেন, টি-টোয়েন্টি লিগের পুরোটাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে করার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডকে। ওই সময়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বলে এটা সম্ভব মনে করছেন তিনি। শেষ পর্যন্ত সেটা না হলেও টি-টোয়েন্টি লিগে অন্তত চার দিনের জন্য শেরেবাংলা স্টেডিয়াম চান তিনি, ‘উদ্বোধনী অনুষ্ঠান, দুটি সেমিফাইনাল আর ফাইনাল—এই চার দিনের জন্য হলেও শেরেবাংলা স্টেডিয়াম পেলে ভালো। তাতে লিগটা জমজমাট করে তোলা যাবে।’ টি-টোয়েন্টি লিগ গতবারও বেশ জমজমাট হয়েছিল। এবার তাতে বাড়তি রং চড়াতে উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে ভারতের কোনো বিখ্যাত সংগীতশিল্পীকেও দেখা যেতে পারে।এবারও প্রিমিয়ার লিগের জন্য পুল হবে ২২ জনের, প্রতিটি দল সর্বোচ্চ তিনজন করে নিতে পারবে পুলের ক্রিকেটার। তবে প্রিমিয়ার লিগ নতুনত্ব দেখবে অন্য জায়গায়। দলগুলো থেকেই নাকি দাবি উঠেছে প্রতি দলে দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর। সিসিডিএমও এই দাবির পক্ষে, এখন বোর্ড অনুমোদন করলেই এবারের প্রিমিয়ার লিগে প্রতিটি দল খেলাতে পারবে দুজন করে বিদেশি খেলোয়াড়। এ ছাড়া গত কয়েকটি মৌসুমে যে বিষয়গুলো আলোচনায় এসেছে, সেগুলোও মাথায় রাখছে সিসিডিএম। ‘লিগ চলাকালে সিসিডিএমের কোনো কর্মকর্তা যদি মাঠের কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা রাখার বিষয়টি এবার বাইলজেই উল্লেখ থাকবে’—জানিয়েছেন সিসিডিএম সমন্বয়কারী। এ ছাড়া খেলোয়াড়দের স্বাস্থ্যসচেতন করে তোলার উদ্যোগ নিচ্ছে সিসিডিএম। সিসিডিএমের পক্ষ থেকে পুষ্টিবিদদের একটি বিশেষ দল বিভিন্ন দলের অনুশীলনে গিয়ে খেলোয়াড়দের স্বাস্থ্যসচেতন হতে পরামর্শ দেবে। কী খাওয়া উচিত, কী উচিত নয়—সেসব ব্যাপারে ধারণা দেওয়া হবে খেলোয়াড়দের।