ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় যুব হকি: আগামীকাল থেকে রংপুরে শুরু হবে জাতীয় যুব হকির তিন গ্রুপের খেলা। বাকি চার গ্রুপের খেলা ঢাকায় শুরু হবে ১৪ নভেম্বর থেকে। পরে সাতটি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সহসভাপতি আবদুর রশীদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওবায়দুল্লাহ আল মাসুদসহ অন্যরা।
প্ল্যান মহিলা ফুটবল: প্ল্যান অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক ফাইনালে উঠেছে ফরিদপুর। কাল ফরিদপুরে সেমিফাইনালে স্বাগতিক দল মুক্তার হ্যাটট্রিকে ৬-০ গোলে হারিয়েছে রাজবাড়ীকে।
প্রিমিয়ার দাবা লিগ: ষষ্ঠ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে নৌবাহিনী ও লিওনাইন চেস ক্লাব। কাল মোহামেডান ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে, লিওনাইন ২.৫-১.৫ পয়েন্টে তিতাসকে, গোপালগঞ্জ চেস ক্লাব ৩-১ পয়েন্টে একসেস ক্লাবকে এবং প্রিতম প্রিজম ২.৫-১.৫ পয়েন্টে সৃজন ক্লাবকে হারিয়েছে।
জেলা ফুটবল লিগ: প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল কুড়িগ্রামে নাইন স্টার ক্লাব ৬-০ গোলে মিতালী ক্রীড়া সংঘকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন একরামুল। সুফল ২টি ও রহিম ১টি গোল করেছেন। ঠাকুরগাঁওয়ে ইউনিটি ক্লাব ২-১ গোলে গড়াই ইউনিয়ন ক্রীড়া পরিষদকে হারিয়েছে। ইউনিটির হয়ে সুজন ও মাহবুব গোল করেছেন, গড়াইয়ের হয়ে পিটন।—ক্রীড়া প্রতিবেদক