ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
এম এ জব্বার স্মৃতি টেনিস: রমনা টেনিস কমপ্লেক্সে আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস। পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক, বালক-বালিকা একক অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১২, মিনি টেনিস অনূর্ধ্ব-১০, আন্তক্লাব দলগত—এই নয়টি ইভেন্টে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের ২৯ নভেম্বরের মধ্যে ফেডারেশনে নাম নিবন্ধন করতে হবে। ফাইনাল ৯ ডিসেম্বর।—ক্রীড়া প্রতিবেদক।কোরিয়া কাপ তায়কোয়ান্দো: জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে কোরিয়া কাপ তায়কোয়ান্দো। ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী হবে এই প্রতিযোগিতা। এর পরই ৬-৭ ডিসেম্বর শুরু হবে ট্রাস্ট ব্যাংক জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো। এতে অংশ নিতে আগ্রহী জেলা, সার্ভিসেস সংস্থা ও অন্যান্য দলকে ফেডারেশনের কার্যালয়ে ১ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।—ক্রীড়া প্রতিবেদক।দ্বিতীয় স্তরের দলবদল: বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দলবদল পরশু শুরু হলেও দুই দিনে দলবদল সেরেছেন উত্তর বারিধারার একজন মাত্র খেলোয়াড়। পরশু গোলরক্ষক আবদুল জব্বারের নাম নিবন্ধন করিয়েছে দলটি। তবে দ্বিতীয় স্তরের আরেক দল অগ্রণী ব্যাংক দলবদলের জন্য এলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফিরে গেছে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই দলবদল।—ক্রীড়া প্রতিবেদক।