ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
অনূর্ধ্ব-১৫ দলের ম্যাচ ড্র: পশ্চিমবঙ্গ সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) দুই দিনের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল অলআউট হয় ২৫৫ রানে। এরপর স্বাগতিকেরা ২ উইকেটে ৯৩ রান তুলতেই শেষ হয়ে যায় ম্যাচের সময়। এর আগে পশ্চিমবঙ্গ দল প্রথম ইনিংসে তুলেছিল ২০৯ রান। দ্বিতীয় দুই দিনের ম্যাচটি মুর্শিদাবাদে শুরু হবে আগামীকাল। তুহিনের ৭ গোল: জেলা ফুটবল লিগে দিনাজপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে দিনাজপুর সরকারি কলেজকে। হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন তুহিন। বাকি গোল তিনটি হাফিজ, হাবিব ও জাহাঙ্গীরের। নাটোরে বন্ধু একাদশ রুবেলের একমাত্র গোলে হারিয়েছে কোয়ালিটি মিল্ককে। চ্যাম্পিয়নশিপ লিগ: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারী ক্লাব ও ঢাকা ইউনাইটেডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।—ক্রীড়া প্রতিবেদক