ঘরোয়া টি-টোয়েন্টি আসর উপকারী: হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজ। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও দরজায় কড়া নাড়ছে। এমন একটি সময়ে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার অভিজ্ঞতা পাকিস্তানি ক্রিকেটারদের উপকার করবে বলেই মনে করেন কোচ ডেভ হোয়াটমোর।‘এসএলপিএলে খেলে খেলোয়াড়েরা উপকৃতই হবেন। কারণ, এই কন্ডিশনেই তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে হবে।’ হোয়াটমোরের মন্তব্য।হোয়াটমোর আরও বলেন, কেবল পাকিস্তানই নয়, অন্য দেশগুলোও তাদের ক্রিকেটারদের এসএলপিএলে খেলার অনুমতি দিয়েছে। কারণ, তারা জানে, এসএলপিএলে খেলায় শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা হবে।শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসরের অন্যতম আকর্ষণ পাকিস্তানি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে থাকা প্রায় সব ক্রিকেটারই এসএলপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। ব্যাপারটি কোচ ডেভ হোয়াটমোর সহজভাবেই নিয়েছেন। অনুশীলন ক্যাম্প ছেড়ে ওই প্রতিযোগিতায় খেলাতে আপাতত কোনো সমস্যা দেখছেন না এই অস্ট্রেলীয় কোচ। তাঁর মতে, অনুশীলন ক্যাম্পের চেয়ে মাঠের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলোয়াড়দের উপকার করে অনেক বেশি।হোয়াটমোর বলেন, বর্তমানে প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশই টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেক গুরুত্বের সঙ্গে নেওয়া শুরু করেছে। অথচ প্রথম দিকে তারা ক্রিকেটের সবচেয়ে ছোট এই ফরম্যাটকে তেমন গুরুত্ব দিতে চায়নি।প্রতিটি দেশই টি-টোয়েন্টির জন্য আলাদা স্কোয়াড গঠন করছে। টি-টোয়েন্টির আলাদা স্কোয়াড বিশ্বকাপকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিযোগিতায় পরিণত করবে।পেশাদারি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলোয় কোনো সমস্যা দেখছেন না হোয়াটমোর। উপমহাদেশে ভারত প্রথমে আইপিএল নাম দিয়ে পেশাদারি টি-টোয়েন্টি লিগ শুরু করলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কাও এই পদাঙ্ক অনুসরণ করেছে। পাকিস্তানও পিপিএল নামের একটি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা চালুর চিন্তাভাবনা করছে। অস্ট্রেলিয়ার ‘বিগ-ব্যাশ’ ইতিমধ্যেই জনপ্রিয় টি-টোয়েন্টি আসর। হোয়াটমোর মনে করেন, এসব ঘরোয়া টি-টোয়েন্টি আসর প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কারণে আখেরে ক্রিকেট ও খেলোয়াড়েরাই উপকৃত হচ্ছেন। সুতরাং, এই প্রতিযোগিতাগুলোর দোষ বের করে কোনো লাভ নেই। এনডিটিভি।