ঘরোয়া ফুটবলও অস্থিরতার বৃত্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। সামনের দিনগুলোতে কী অপেক্ষা করছে, কারও জানা নেই। এমন অবস্থায় ঘরোয়া ফুটবল ঠিকঠাক এগিয়ে নেওয়ার ব্যাপারে শঙ্কায় বাফুফে। তবে কাল সভায় বসে পূর্বনির্ধারিত ৪ নভেম্বর থেকেই মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরুর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
বিরোধী দল ওই সময় হরতাল-অবারোধের মতো কর্মসূচি দিলে খেলা মাঠে নামতে অবশ্য আরও দেরি হতে পারে। সে ক্ষেত্রে নতুন মৌসুমের ফুটবল নিয়ে সংকট বাড়বেই। এমনিতেই এবার ঘরোয়া ফুটবল শুরু করতে অনেকটা সময় নিয়ে ফেলেছে বাফুফে। গত ২৬ আগস্ট থেকে কাগজে-কলমে শুরু হওয়া দলবদল চলবে ৩১ অক্টোবর পর্যন্ত! দুই মাসেরও বেশি সময় ধরে এই দলবদল দেওয়ার যুক্তিসংগত কোনো কারণ নেই।
অবিশ্বাস্য হলেও গতকাল পর্যন্ত একটি দলও খেলোয়াড় নিবন্ধন করেনি। আগামী কয়েক দিনের মধ্যে দলবদলের আনুষ্ঠানিকতা সারার কথা বলছে দলগুলো। যদিও আজ থেকে বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতাল বহাল থাকায় ২৯ তারিখ পর্যন্ত দলবদল কার্যক্রমে দলগুলো অংশ নিতে পারবে কি না, সংশয় থাকছেই।
ইতিবাচক হলো, আরও অস্থির পরিস্থিতির আশঙ্কায় দলবদলের সময় আবারও বাড়ানোর গুঞ্জন থাকলেও লিগ কমিটি সময় বাড়ায়নি। কালকের সভায় ফেডারেশন কাপের ড্র ১ নভেম্বর করারও সিদ্ধান্ত এসেছে। এবারের ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দলের সঙ্গে রাখা হচ্ছে চ্যাম্পিয়নশিপের তৃতীয় রহমতগঞ্জ এবং বিকেএসপি অথবা বাংলাদেশ পুলিশ দলের যেকোনো একটিকে। ১২ দল চার গ্রুপে খেলার পর কোয়ার্টার ফাইনালে উঠবে ৮টি দল। ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সঙ্গে থাকছে কমলাপুর স্টেডিয়ামও।