ঘরোয়া হকিতে ইতালিফেরত মেহরাব
২০১০ সালে এসএ গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ হকি দলের সেরা গোলরক্ষক ছিলেন। ওই গেমস শেষেই তিনি পাড়ি জমান ইতালিতে। উদ্দেশ্য, অন্যকিছু করে ভাগ্যবদল। রোমে লাৎসিওর হকি দলে টুকটাক খেলেছেনও। সেই জীবন ছেড়ে আপাতত দেশে ফিরে এসেছেন মেহরাব হোসেন (কিরণ)। আগামীকাল শুরু প্রিমিয়ার হকি লিগে নিজের সাবেক দল মোহামেডানের হয়ে খেলতেই তাঁর প্রত্যাবর্তন।বাংলাদেশের অনেক ক্রীড়াবিদই পাড়ি জমিয়েছেন বিদেশে। দেশে ফিরে আবার মাঠে নামা দূরের কথা, দু-একজন বাদে বাকিরা দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে আর সম্পর্কই রাখেননি। সে হিসেবে মেহরাবের ফিরে আসা ব্যতিক্রম।এবার মোহামেডান হকিতে স্থানীয় খেলোয়াড় নিয়ে সেরা দল গড়লেও ভালো গোলরক্ষক পায়নি। সদ্য সমাপ্ত ক্লাব কাপে তারা জার্মান গোলরক্ষক লরেঞ্জ নেফকে খেলিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা ফাইনালেই উঠতে পারেনি। নেফকেও দেশে ফেরত পাঠানো হয়েছে। গোলরক্ষক-সংকটেই মেহরাবকে ঢাকায় ফিরিয়ে এনেছে মোহামেডান। তুলে নেওয়া হয়েছে মেহরাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, যেটি মোহামেডানই আরোপ করেছিল দলের খেলোয়াড় থাকা অবস্থায় ইতালি চলে যাওয়ায়।মেহরাব কাল ঢাকায় ফিরে বিকেলে সরাসরি চলে এলেন মোহামেডান ক্লাবে। সেখানে বসেই বললেন, ‘২০১০ এসএ গেমসের পর ঘরোয়া লিগ নিয়ে অনিশ্চয়তা থাকায় ইতালি চলে যাই। লিগটা হলে তখন হয়তো যেতাম না। তবে ইতালিতে আমি খেলার মধ্যেই থাকায় হকির সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়নি।’ এসএ গেমসের পর জাতীয় হকি দল নিয়ে ইউরোপ সফরে যান কোচ পিটার গেরহার্ড। মেহরাব দলের সঙ্গে দেশেও ফেরেন। এরপর ঘটনাক্রমে ইতালির বিখ্যাত ক্লাব লাৎসিওর হকি দলে খেলার সুযোগটা কাজে লাগান। লাৎসিও ইতালির প্রথম বিভাগে এবার তৃতীয় হয়েছে। তিনজন বিদেশি খেলোয়াড় খেলতে পারেন দলটিতে, মেহরাব ছাড়া বাকি দুজন ডাচ।