সেমিফাইনালে উঠে গেছেন কাল, তবু সাবিনা লিসিকির সেরেনা-বধের বিস্ময় এখনো কাটেনি অনেকের। তবে লিসিকির গত চার বছরের ইতিহাস যাঁরা জানেন, তাঁদের খুব একটা অবাক হওয়ার কথা নয়। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নকে তো চার বছর ধরেই নিয়ম করে উইম্বলডনে হারিয়ে আসছেন জার্মান-কন্যা! ২০০৯ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী কুজনেতসোভাকে হারিয়েছিলেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে। ২০১০ সালে খেলেননি উইম্বলডনে। ২০১১ সালের রোলা গ্যাঁরোতে জয়ী লি নাকে হারিয়েছিলেন উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে। ২০১২ সালে প্যারিসে জয়ী শারাপোভাকে হারিয়েছিলেন উইম্বলডনের চতুর্থ রাউন্ডে। এবার চতুর্থ রাউন্ডেই শিকার ফ্রেঞ্চ ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস।