ঘানা কি পারবে চমক দেখাতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চমকের অপেক্ষায় ঘানা
চমকের অপেক্ষায় ঘানা

২০১০ সালে আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো বসেছিল বিশ্বকাপের আসর। নিশ্চিতভাবেই সবার বাড়তি নজর ছিল আফ্রিকার দেশগুলোর দিকে। কিন্তু আফ্রিকার অধিবাসীদের হতাশই করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট, ক্যামেরুন, নাইজেরিয়া ও আলজেরিয়া। সবগুলো দল বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। একমাত্র ব্যতিক্রম ছিল ঘানা। পুরো আফ্রিকার প্রতিনিধি হয়ে তারাই শুধু যেতে পেরেছিল নকআউট পর্বে।

২০১০ বিশ্বকাপের ঘানা মানেই যেন লুইস সুয়ারেজের গোলরক্ষক বনে যাওয়া, আসামোয়া জিয়ানের সেই স্বপ্নের বেলুন ফুটো করে দেওয়া পেনাল্টি মিস! সেটি ছিল বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বিতর্কিত একটি মুহূর্ত। উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ হাত দিয়ে ঠেকিয়েছিলেন নিশ্চিত একটি গোল। ঘানা হারিয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ। পুরো ঘটনা মনে করতে হলে পিছিয়ে যেতে হবে আরও চারটি বছর।

২ জুলাই ২০১০। উরুগুয়ে বনাম ঘানা। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল। রুদ্ধশ্বাস লড়াই। প্রথমবারের মতো কোনো আফ্রিকান দলের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নে প্রার্থনারত পুরো আফ্রিকা। শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়ছে ঘানা, এতটুকুনও দিচ্ছে না ছাড়! ৯০ মিনিট জুড়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর খেলায় ছিল ১-১ গোলের সমতা। অতিরিক্ত সময়েও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ১২০ মিনিটের খেলা চলছে তখন। ইতিমধ্যে মানসিকভাবে টাইব্রেকারের প্রস্তুতিও হয়তো নিয়ে ফেলেছিল দুই দল। প্রতিপক্ষের ডিবক্সের বাইরে ফ্রি-কিক পেল ঘানা। নিশ্চিত গোল হাত দিয়ে ঠেকিয়ে দিলেন সুয়ারেজ! একটি রেড কার্ডের বিনিময়ে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করলেন ঘানাকে। মুহূর্তের মধ্যে এমন ঘটনায় হতবাক হয়ে যায় ঘানার খেলোয়াড়েরা। পুরো ফুটবল বিশ্বই নয় কি? আক্ষেপ-আফসোস আরও বাড়িয়ে দেওয়ার জন্যই যেন পেনাল্টি থেকে গোলের সুযোগও মিস করে বসেন আসামোয়া জিয়ান। শেষ পর্যন্ত টাইব্রেকারে ঘানাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় উরুগুয়ে। অবিশ্বাস্য এই পরাজয় ওই দিন কাঁদিয়েছিল পুরো ঘানাকে, সম্ভবত পুরো আফ্রিকাকেই!
এবারও সেই স্মৃতিকে সঙ্গী করেই বিশ্বকাপে অংশ নেবে ঘানা। গতবারের হতাশা মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেই ব্রাজিল যাবে পশ্চিম আফ্রিকার দেশটি। চোয়ালবদ্ধ লড়াইয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন ঘানার ফুটবলাররা। তবে ‘ব্ল্যাক স্টারস’রা ব্রাজিল বিশ্বকাপে কত দূর যেতে পারবে, তা সময়ই বলে দেবে।

আফ্রিকান নেশনস কাপের ব্যর্থতার পরও কোচ আপিয়ার ওপর বিশ্বাস হারায়নি ঘানার ফুটবল ফেডারেশন। স্থানীয় কোচ হওয়ায় পরও দারুণ কাজ করে যাচ্ছেন দলটি নিয়ে। মাইকেল এসিয়েন ও কেভিন প্রিন্স বোয়েটাং স্বেচ্ছা অবসর থেকে ফিরে আসায় দলটির শক্তিমত্তা পেয়েছে অনেক গুণ। মিসরকে দুই লেগ মিলে ৮-২ গোলে বিধ্বস্ত করেই ঘানা পেয়েছে বিশ্বকাপের টিকিট। গতবার ব্যর্থ হলেও এবার প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার আশায় বুক বেঁধেছে ঘানার আপামর জনগণ।

নিঃসন্দেহে দলের সবচেয়ে বড় তারকা মাইকেল এসিয়েন। এসি মিলানের হয়ে খেলা এই তারকা মিডফিল্ডারকে বলা হচ্ছে ঘানার মাঝমাঠের চালিকাশক্তি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোয় খেলার অভিজ্ঞতা নিশ্চিতভাবে আরও বেশি শাণিত করেছে এসিয়েনকে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করে ট্র্যাজিক হিরোর তকমা পাওয়া আসোমো জিয়ানের ওপর এবারও চোখ থাকবে সবার। দ্য ফিনিশার নিশ্চিতভাবেই চাইবেন গতবারের ক্ষতে প্রলেপ দিতে। সুযোগসন্ধানী কেভিন প্রিন্স বোয়েটাংয়ের ওপরও চোখ রাখতে হবে সবার। জার্মানির শালকের হয়ে খেলা এই ফরোয়ার্ড তাঁর সামর্থ্যের প্রতি সুবিচার করে খেলতে পারলে ঘানাকে গোল নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হবে না। সুলেমান মুনতারিও হয়ে উঠতে পারেন ঘানার তুরুপের তাস। মিলানের এই মিডফিল্ডার যে সুযোগ পেলে জ্বলে উঠতে পারেন, সেটা জানিয়েছেন বাছাইপর্বে তিনটি গোল করে।

বিশ্বকাপ অভিজ্ঞতা: এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দলটি। ২০০৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড, ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সাফল্যের ধারা মেনে এবার কিন্তু সেমিফাইনালেই খেলা উচিত দলটির! তবে বেশির ভাগ ফুটবলবোদ্ধার মতে এবারের বিশ্বকাপে হয়তো খালি হাতে ফিরতেই হতে পারে ঘানাকে। গ্রুপ জি-তে অবস্থান ঘানাকে খেলতে হবে অন্যতম ফেবারিট জার্মানি, পর্তু০গাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ইতিমধ্যেই গ্রুপ অব ডেথের তকমাও পেয়ে গেছে এই ‘জি’ গ্রুপ। আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে ঘানার বিশ্বকাপ মিশন।

শক্তিমত্তা: ঘানার প্রধান শক্তির জায়গা ধারাবাহিকতা ও শারীরিক সক্ষমতা। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যন্স ঘানাকে করে তুলেছে আরও আত্মবিশ্বাসী। এবারের গ্রুপসঙ্গী যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছে ২০০৬ ও ২০১০- দুটি বিশ্বকাপেই।

দুর্বলতা:
গ্রুপ পর্বে রয়েছে জার্মানি ও পর্তুগালের মতো বিশ্বসেরা দল। চমক দেখাতে না পারলে বিদায় নিতে হবে প্রথম রাউন্ডেই। রক্ষণভাগে রয়েছে তারকার অভাব। ভালো মানের গোলরক্ষক নিয়েও সংশয় আছে ঘানা শিবিরে।

বিশ্বকাপের প্রতি আসরেই একধাপ করে এগিয়েছে ঘানা। ২০০৬ সালে শুরু হয়েছিল দ্বিতীয় রাউন্ড দিয়ে। ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল। গাণিতিক নিয়ম অনুযায়ী এবার তাহলে সেমিফাইনালেই খেলার কথা ‘ব্ল্যাক স্টারস’দের। কিন্তু বিশ্বকাপের আসরে তো আর গাণিতিক সূত্র খাটবে না! পর্তুগাল, জার্মানি ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সত্যিই চমক দেখাতে হবে ঘানাকে।