এও কী সম্ভব! পরাজয়ের শঙ্কায় কাঁপতে কাঁপতে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল উরুগুয়ে। ৪০ বছর পর। একটু আগে জয়টা মুখ তুলে যাদের দিকে চেয়ে ছিল, সেই ঘানা পায়ে ঠেলল সুযোগ। তাদের আর জেতা হলো না! এ এক মহানাটকীয় ম্যাচ। রুদ্ধশ্বাসও। নির্ধারিত সময়ে ১-১। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ঘানার আক্রমণের চাপে কোণঠাসা উরুগুয়ে। গোললাইনে দাঁড়িয়ে সে সময় হাত দিয়ে বল ফেরান উরুগুয়ের আক্রমণের অন্যতম সেরা অস্ত্র লুইস সুয়ারেজ। পেনাল্টি তো বটেই, সঙ্গে সুয়ারেজকে লাল কার্ড। পেনাল্টিতে গোল করলেই খেলা শেষ। ইতিহাস গড়ে ফেলবে ঘানা। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে খেলার সুযোগ। গোটা আফ্রিকার চোখ তখন ওই পেনাল্টির দিকে। কিন্তু হায়, একি হলো! আসামোয়া জিয়ানের পেনাল্টি শট ক্রসবারে! টাইব্রেকারে ক্রসবার বা বাইরে মারেননি ঘানার খেলোয়াড়েরা। এবার বাধার নাম ফার্নান্দো মুসলেরা। উরুগুয়ের গোলরক্ষক ঘানার তৃতীয় ও চতুর্থ শট ঠেকিয়ে দিলেন। উরুগুয়ের চতুর্থ শটটা মাক্সিমিলানো বাইরে মেরে সুযোগ দিয়েছিলেন ঘানাকে। কিন্তু ঘানা সেই সুযোগ নিতে পারল না। প্রধমার্ধের শেষ মিনিটে সুলে মুনতারি গোল করে এগিয়ে নেন ঘানাকে। ৫৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে উরুগুয়েকে ম্যাচে ফেরার ফোরলান।