ঘানাকে নিয়ে ম্যান্ডেলার গর্ব
আফ্রিকার চোখে স্বপ্ন এঁকে দিয়েছিল কৃষ্ণ তারকারা। স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু তার পরও ঘানা দলটিকে নিয়ে গর্বের শেষ নেই আরেক কৃষ্ণ তারকা—নেলসন ম্যান্ডেলার। গত শনিবার নিজ বাসভবনে ঘানা ফুটবল দলটির সঙ্গে দেখা করলেন তিনি। সেখানে জানিয়ে দিলেন—তোমরা আমাদের গর্বিত করেছ।ঘানা দল আগে থেকেই চাইছিল নোবেলজয়ী সাবেক দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে। আর সেই সুযোগ মিলে গেল গত শনিবার। জোহানেসবার্গে ম্যান্ডেলার বাসভবনে গিয়ে তাঁরা যেন শুধু ম্যান্ডেলার কাছ থেকেই সমবেদনা পেলেন না, গোটা আফ্রিকার সবার পক্ষ থেকেই সান্ত্বনা পেলেন! এক বিবৃতিতে ম্যান্ডেলা বলেছেন, ‘সেমিফাইনালে পা রাখতে না পারলেও তারা এই মহাদেশকে (আফ্রিকা) খুব চমৎকারভাবে তুলে ধরেছে। তাই তারা এখন মাথা উঁচু করেই ঘরে ফিরবে।’গত শুক্রবার ঘানা মাঠে নামার আগে শুভকামনা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন ম্যান্ডেলা। তাতে লিখেছিলেন, ‘এই মহাদেশের আমরা সবাই একত্র হয়েছি, আমাদের আশা, তোমরা সফল হবে।’তবে উরুগুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে আফ্রিকার হাসি মুছে গিয়েছে পরাজয়ের কষ্টেই। কেপটাউনের একটি পত্রিকা তাদের শিরোনামে লিখেছিল, ‘ডাকাতির কবলে আফ্রিকা’! হ্যাঁ, একরকম ‘ডাকাতি’র শিকারই হতে হয়েছে আফ্রিকার শেষ ভরসার আশ্রয়কে। ঘানার পরাজয়ের পর আর সবার মতো ম্যান্ডেলাও সমান শোকাহত। আর যাঁর পেনাল্টি মিসের কারণে স্বপ্নভঙ্গ, সেই আসামোয়া জিয়ানকেও ম্যাচ শেষে সমবেদনা জানিয়েছেন ৯১ বছর বয়সী এই নেতা। এএফপি।