ঘানাকেও ভয় নেই কেপ ভার্দের
কেপ ভার্দে-চমক আজও? চমকে ভরা গ্রুপ পর্বের সবচেয়ে বড় দুই চমকের একটি উপহার দিয়েছে পুঁচকে কেপ ভার্দে। প্রথমবার আফ্রিকান নেশনস কাপে খেলতে এসেই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনাল তো বটেই, সেই কেপ ভার্দে এখন স্বপ্ন দেখছে ফাইনাল এমনকি শিরোপারও!কেপ ভার্দের এই স্বপ্নটা গুঁড়িয়ে যেতে পারে আজই। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ঘানা। অন্যটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে পাঁচবার সেমিফাইনাল খেলেও এখনো পর্যন্ত শিরোপার স্বাদ না-পাওয়া মালি।ঘানা চারবারের চ্যাম্পিয়ন। দলীয় শক্তি বিবেচনায় ঘানার সঙ্গে নবাগত কেপ ভার্দের তুলনা চলে না। ২০০৪ সালের পর তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে ঘানা। সর্বশেষ গত নভেম্বরে পর্তুগালের প্রীতি ম্যাচে কেপ ভার্দেকে হারিয়েছিল ১-০ গোলে। কিন্তু ভয় কুঁচকে যাওয়া নয়, কেপ ভার্দে বরং নতুন স্বপ্নে উজ্জীবিত! ‘নীল হাঙর’দের স্বপ্নের কারিগর কোচ লুসিও আন্তুনেস। বিমানের ট্রাফিক নিয়ন্ত্রকের চাকরি থেকে তিন বছরের ছুটি নিয়ে কোচ হয়েছেন জাতীয় দলের। নেশনস কাপে আসার আগে আন্তুনেস ছয় দিন কাজ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর অধীনে। আন্তুনেস আশাবাদী, ঘানা তাঁর দলকে ছিঁড়েফুঁড়ে ফেলতে পারবে না, ‘আমরা ফাইনালে যাচ্ছি, আমরা এই টুর্নামেন্টই জিততে যাচ্ছি। আমরা এখন আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী।’ঘানার কোচ কুয়েসি আপিয়াহও কেপ ভার্দেকে সমীহ করছেন, ‘কেপ ভার্দের মতো শারীরিক এবং ট্যাকটিক্যালি সুশৃঙ্খল একটা দলের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, টুর্নামেন্টের এই পর্যায়ে এসে যাদের হারানোর কিছু নেই।’দক্ষিণ আফ্রিকা নামছে দুটি স্বপ্নকে সঙ্গে নিয়ে—সেমিফাইনালে ওঠা এবং প্রতিশোধ। ২০০২ সালে এই কোয়ার্টার ফাইনালেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল মালি। সেবার ‘বাফানা বাফানা’দের বিস্ময়কর যাত্রারই ছেদ টেনে দিয়েছিল মালি। তার আগে তিনবারই পদক গলায় ঝোলায় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন, ১৯৯৮-তে রুপা ও ২০০০ সালে জেতে ব্রোঞ্জ। এএফপি।