ঘানার সমর্থনে ‘পেলে’
শিরোনাম দেখে একটু অবাক হচ্ছেন? কোয়ার্টার ফাইনালের মহারণে হল্যান্ডের বিপক্ষে নামতে যাচ্ছে ব্রাজিল, অথচ পেলের মুখে ঘানার সমর্থন! না, এই সমর্থনকারী ফুটবলের রাজা পেলে নন, তিনি ঘানার আবেদি পেলে। উরুগুয়েকে হারিয়ে ঘানা ইতিহাস গড়বে বলে আত্মবিশ্বাসী আফ্রিকার পেলে হিসেবে পরিচিত আবেদি।ঘানার সামনে ইতিহাস গড়ার হাতছানি। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ বিশ্বকাপে সেনেগাল—এত দিন বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্য বলতে ছিল এই দুটি দেশের কোয়ার্টার ফাইনালে খেলা। তবে এবার যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে তাদের পাশে নাম লিখিয়েছে ঘানা। আজ উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে আফ্রিকার সর্বোচ্চ আসনে উঠে যাবে ঘানা!কাগজে-কলমে এগিয়ে রয়েছে উরুগুয়ে। তবে গাণিতিক হিসাবের দিকে তাকাতে রাজি নন পেলে। আফ্রিকার তিনবারে বর্ষসেরা এই ফুটবলার সকারনেটকে বলছেন, ‘ফুটবল গণিত নয়। উরুগুয়ে ভালো দল। কিন্তু আমাদেরও যথেষ্ট উন্নতি হয়েছে। নিজেদের সেরাটা খেলতে পারলে ঘানাই সেমিফাইনালে উঠবে।’ পুরো আফ্রিকা ঘানার দিকে তাকিয়ে আছে উল্লেখ করে পেলে বলেন, গোটা আফ্রিকা আজ ঘানার সমর্থন করবে। আমরা কেবল সামনের দিকে তাকাতে চাই। ঘানা এখন আফ্রিকার সেরা হওয়ার অপেক্ষায়।’