ঘানার স্বপ্ন আসামোয়ার হাতে
ঘানার এ সময়ের সবচেয়ে বড় তারকা মাইকেল এসিয়েন। আফ্রিকার দেশটির বিশ্বকাপ-স্বপ্নের আবর্তনও ছিল তাঁকে ঘিরেই। এসিয়েনের ইনজুরিতে টুর্নামেন্ট শুরুর আগেই বড় একটা ধাক্কা খেয়ে যায় সে স্বপ্ন। কিন্তু এসিয়েন না থাকলে কী হবে, ঘানার আছে একজন আসামোয়া জিয়ান। আজ জার্মানির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও ধাক্কা খাওয়া স্বপ্নটা টিকে আছে তাঁর জন্যই। এ ম্যাচে আসামোয়ার দিকেই তাকিয়ে থাকবে ঘানা।গতবার প্রথম বিশ্বকাপ খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। এবার লক্ষ্য আরও বড়—গতবারের সাফল্যকে অতিক্রম করে যাওয়া। কোয়ার্টার ফাইনালে উঠলেই তা হয়ে যায়। কিন্তু ঘানা স্বপ্ন দেখছে শেষ চারে যাওয়ার। তাদের সেই স্বপ্নের বাহক আসামোয়া। প্রথম দুই ম্যাচে পেনাল্টি থেকে দুটি গোল করে ঘানাকে এগিয়েও নিয়ে যাচ্ছেন তিনি।অথচ এই আসামোয়া জিয়ানের এ বিশ্বকাপে খেলাই হতো না! বিশ্বকাপে কি, আসামোয়ার তো এখন আন্তর্জাতিক ফুটবলই খেলার কথা ছিল না। ২ বছর আগে ২০০৮-এর আফ্রিকান নেশনস কাপ খেলতে গিয়ে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানাতে বসেছিলেন আসামোয়া। ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ঘানা দলের সমালোচনা করেছিল সে দেশের সংবাদমাধ্যম। রাগে-দুখে-ক্ষোভে ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন আসামোয়া ও তাঁর ভাই বাফার জিয়ান। টিম হোটেল ছাড়ার জন্য নাকি ব্যাগ-ট্যাগও গুছিয়ে ফেলেছিলেন তাঁরা।সতীর্থরা বুঝিয়ে-সুঝিয়ে শেষ পর্যন্ত রেখে দিতে পেরেছিলেন দুই ভাইকে। সেবার দলে থেকে গেলেও খুব বড় কিছু করতে পারেননি ‘ব্ল্যাক স্টার্স’ স্ট্রাইকার। তবে গত বিশ্বকাপের দ্রুততম গোলটি করেছেন তিনিই। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সেই গোলটি আসামোয়া করেছিলেন মাত্র ৬৮ সেকেন্ডে। ঘানার ইতিহাসেও এটি দ্রুততম গোল। এরপর ২০১০ আফ্রিকান নেশনস কাপে চোট-জর্জরিত ঘানাকে বলতে গেলে একাই তুলেছেন ফাইনালে। আর এখন? পরপর দু ম্যাচে ঘানাকে বাঁচালেন আসামোয়া। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তাঁর পেনাল্টি গোলেই ১-০ ব্যবধানের জয় পেয়েছে ঘানা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাঁর পেনাল্টিই বাঁচিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’দের (১-১)। শুধু গোলের কারণেই নয়, দুটি ম্যাচেই দারুণ খেলেছেন ২৪ বছর বয়সী জিয়ান। ফরাসি ক্লাব রেনের এই স্ট্রাইকারও এবারের বিশ্বকাপটাকে দেখছেন তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে, ‘এই টুর্নামেন্টটা আমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ এএফপি।