ঘানার হাতেই আফ্রিকার পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারার পরও এমন উল্লাস বিশ্বকাপ খুব দেখেছে বলে মনে হয় না। অস্ট্রেলিয়ার কাছে সার্বিয়া ১-২ গোলে হেরে যাওয়ায় জার্মানির কাছে হেরেও শেষ ষোলোতে জায়গা করে নেওয়া ঘানা উল্লাসে ছাড়িয়ে গেল যেন জার্মানিকেও। দ্বিতীয় রাউন্ডে ওঠার এই উল্লাস যে শুধু একটি দেশেরই নয়, একটি মহাদেশেরও!শেষ বাঁশি বাজার পর একটু থমকে গিয়েছিলেন ঘানার ফুটবলাররা। কিন্তু সার্বিয়ার হারের খবর পাওয়ার পরই উল্লাসে ফেটে পড়েন তাঁরা, ঘানার পতাকা নিয়ে প্রদক্ষিণ করেন পুরো মাঠ। মিডফিল্ডার সুলে মুনতারির কাছে ওই পতাকা শুধু ঘানার নয়, আফ্রিকার পতাকা, ‘আজ (পরশু) রাতে পুরো আফ্রিকাই আমাদের জয়ধ্বনি গাইছে। আফ্রিকান ফুটবলের জন্য এটা বিশাল একটা সাফল্য।’ একই সুর মুনতারির সতীর্থ প্রিন্স টাগোর কণ্ঠেও, ‘আমাদের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারাটা আফ্রিকার ফুটবলের জন্য বড় এক সাফল্য।’গত বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়েই একমাত্র আফ্রিকান দেশ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। এবারও শেষ ষোলোতে একমাত্র আফ্রিকান প্রতিনিধি তারাই হতে যাচ্ছে। নাইজেরিয়া, ক্যামেরুন, দক্ষিণ আফ্রিকা ইতিমধেই বিদায় নিয়েছে। আজ বিদায় নেওয়ার পথে আইভরিকোস্টও। দিদিয়ের দ্রগবার দলের সম্ভাবনা এখনো আছে, তবে তা স্রেফ কাগজে-কলমেই। অলৌকিক কিছু ঘটলেই একমাত্র দ্বিতীয় রাউন্ড সম্ভব তাদের।ঘানার সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাচ তাই এখন প্রত্যাশা করছেন পুরো আফ্রিকার সমর্থন, ‘আশা করি দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার সবাই এখন সমর্থন দিয়ে যাবে। এই সমর্থনই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’ সবকিছু ঠিকঠাকমতো এগোলে দ্বিতীয় রাউন্ডে ঘানার প্রতিপক্ষ হতে পারত ইংল্যান্ড। তবে ইংল্যান্ড গ্রুপ রানার্সআপ হওয়ায় এখন ঘানার প্রতিপক্ষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকের মতে, কোয়ার্টার ফাইনালে যাওয়াটাও তাই এখন অনেকটাই সহজ হয়ে গেছে ঘানার জন্য। রাজেভাচ অবশ্য ব্যাপারটা এত সহজ হবে বলে মনে করছেন না, ‘আমি ঠিক নিশ্চিত নই, ইংল্যান্ডের চেয়ে ম্যাচটা কোনো অংশে সহজ হবে কি না।’ মুনতারির বিশ্বাস তাঁরা ঠিক পারবেন, ‘বিশ্বকাপটা আফ্রিকার জন্য বাজেভাবে শুরু হয়েছিল, আশা করি আমরা অনেক ভালোভাবে শেষ করতে পারব।’ এএফপি।