ঘাবড়ে গিয়েছিলেন মেসি!

যতই ‘জাদুকর’ হোন না কেন, তাঁকে যতই ‘ভিনগ্রহের খেলোয়াড়’ অভিধায় অভিহিত করা হোক না কেন—দিন শেষে লিওনেল মেসি রক্ত-মাংসের মানুষ। গভীর আবেগের কাছে হার মানতে হয় তাঁকেও। সুইজারল্যান্ডের বিপক্ষে যখন একের পর এক চেষ্টা চালিয়েও গোল হচ্ছিল না, সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন মেসি!
কেন ঘাবড়ে গিয়েছিলেন মহাতারকা? ম্যাচের পরে আর্জেন্টাইন অধিনায়ক ব্যাখ্যা দিলেন এভাবেই, ‘অন্যদের মতো আমিও ঘাবড়ে গিয়েছিলাম। কারণ, আমরা গোল করতে পারছিলাম না। জানতাম একটি ভুল করলেই বাড়ির পথ ধরতে হবে। আমরা কিছুতেই চাইছিলাম না ম্যাচটি ট্রাইব্রেকারে গড়াক। খেলাটা শেষ করতে চেয়েছি এর আগেই।’ সুইসদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে তাঁদের। মেসি এটা স্বীকারও করেছেন, ‘ম্যাচটা মোটেও সহজ ছিল না। বারবার বিদায়ের শঙ্কা পেয়ে বসছিল। শেষ অবধি আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
উত্ফুল্ল আর্জেন্টিনা অধিনায়ক ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে খালি গায়ে হাস্যোজ্জ্বল মুখে আর্জেন্টিনার আক্রমণভাগের তিন মহিরুহ—মেসি, লাভেজ্জি ও ডি মারিয়া। সেখানে লিখেছেন, ‘কেউ বলতে পারবেন না সহজ ম্যাচ ছিল। ছোট্ট ধাপ পেরিয়ে আরও বড় পর্যায়ে আমরা। এগিয়ে চলো আর্জেন্টিনা!’ রয়টার্স ও মেইল অনলাইন।