ঘাবড়ে গিয়েছিলেন মেসিও

রোজারিও থেকে সাও পাওলো যেতে সড়কপথে ২৮ ঘণ্টা লাগে। দূরত্ব দুই হাজার কিলোমিটারেরও বেশি। তবু লিওনেল মেসি যেন রোজারিওবাসীর বোবা কান্না শুনতে পাচ্ছিলেন। সাও পাওলো স্টেডিয়ামে যে রচিত হতে যাচ্ছিল দীর্ঘ ২৮ বছরের স্বপ্নভঙ্গের ট্র্যাজেডি!
শুধু কি রোজারিও, পুরো আর্জেন্টিনাকেই গ্রাস করেছিল হতাশার আঁধার। পারবে তো আর্জেন্টিনা? সবাই একটি নামই জপছেন। কারণ ওই একজনই পারেন সব সমীকরণ বদলে দিতে। বুয়েনস এইরেসের কোনো বুড়ো হয়তো টিভি পর্দায় ঝাপসা চোখে তাঁকেই খুঁজে ফিরছিলেন। জাদুকরের জাদু দেখতে কর্ডোবার কোনো কিশোর হয়তো চোখ বুজে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। শেষ পর্যন্ত মেসি পারলেন, পারলেন ডি মারিয়াও। পাহাড়সমান চাপ সামলে মেসি সফল—বাক্যটি কত না সহজেই লেখা যায়। কিন্তু আসলেই কি তাই?
মাঠের পারফরম্যান্সে তিনি হয়তো ভিনগ্রহের প্রাণীই, কিন্তু আদতে তো রক্ত-মাংসে গড়া মানুষ! দমবন্ধ হওয়া মুহূর্তগুলোতে মেসিও চরম উৎকণ্ঠায় ভুগছিলেন। মেসির মুখেই শুনুন, ‘বাকি সবার মতো আমিও খুব দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমরা গোলের ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। যদি কোনো ছোট্ট ভুল করে বসি, বাড়ি ফিরে যেতে হবে আমাদের—এ শঙ্কাটাও বারবার উঁকি দিচ্ছিল মনে।’
আর্জেন্টাইনদের জন্য সময় যেন আলোর বেগে ছুটে যাচ্ছিল। ৯০ মিনিটের খেলা শেষে, অতিরিক্ত সময়ের খেলাও প্রায় শেষ হতে চলল—তবু গোলের দেখা নেই। এই হতাশায় যেন কুঁকড়ে যাচ্ছিলেন মেসি, ‘আমাদের প্রত্যেককেই ভুগতে হয়েছে। একসময় তো ভাবতে শুরু করেছিলাম বোধ হয় এবার আমরা আর পারব না। শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা পেয়েছি আমরা। এখন সামনের দিকে এগোতে হবে।’ টানা চতুর্থবারের মতো হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তবু বরাবরের মতোই ‘সবার আগে দল’-তে বিশ্বাসী মেসি, ‘আমি জানি না এই পুরস্কার ঠিক আমার প্রাপ্য কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই বাধা পেরোতে পেরেছি। আমরা জানতাম এটা কঠিন হবে এবং হয়েছেও তাই।’
স্বপ্নের ‘গন্তব্য’ থেকে আর মাত্র তিনটি ধাপ দূরে আর্জেন্টিনা। একটু এদিক-সেদিক হলেই হোঁচট খেতে হবে। তবে ‘চালক’ যতক্ষণ মেসি, নিরাপদ যাত্রার স্বপ্ন দেখতেই পারে আর্জেন্টাইনরা। গোলডটকম, ফিফাডটকম।