ঘাম ঝরল ফেদেরারের
কদিন থেকে মেলবোর্নে সূর্যের বেশ তেজ। অস্ট্রেলিয়ান ওপেনে সবাই ঘেমেনেয়ে একাকার। কাল রজার ফেদেরারের ঘাম একটু বেশিই ঝরল। জো-উইলফ্রায়েড সোঙ্গাও যে গনগনে সূর্য হয়ে উঠেছিলেন রড লেভার এরেনায়। সাড়ে তিন ঘণ্টা আর পাঁচ সেট দৈর্ঘ্যের এক ম্যাচে শেষ পর্যন্ত ফরাসি সোঙ্গাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন ফেদেরার। ফেদেরারের জেতা তিন সেটের দুটিই নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। ৭-৬ (৭/৪), ৪-৬, ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৩ জিতে ফেদেরারও স্বীকার করেছেন, একটু এদিক-ওদিক হলে সোঙ্গাও উঠে যেতে পারতেন শেষ চারে।‘এটা ছিল অনেক কাছাকাছি লড়াইয়ের একটা ম্যাচ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো ম্যাচটাই ছিল কঠিন। যেকোনো সেটই যে কেউ জিততে পারত। এটা আরও কঠিন হয়ে গেছে এ কারণে, জো আসলে আপনাকে কোন চমক উপহার দেবে, সেটা আগে থেকে আন্দাজ করা কঠিন’—বলেছেন টানা দশম অস্ট্রেলিয়ান ওপেন এবং সব মিলিয়ে গ্র্যান্ড স্লামের ৩৩ নম্বর সেমিফাইনালে উঠে যাওয়া ফেদেরার।এই ম্যাচ দিয়ে পুরুষ ও মহিলা এককের শেষ চারের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ফেদেরারের প্রতিপক্ষ অ্যান্ডি মারে। গত বছরের শেষ গ্র্যান্ড স্লামটি জিতেছেন। এর আগে জিতেছেন অলিম্পিক সোনাও। ছেলেদের চার সেমিফাইনালিস্টের মধ্যে একমাত্র মারেই এখনো একটি সেটও হারেননি। কাল ফ্রান্সেরই আরেক খেলোয়াড় জেরেমি শার্ডিকে অনায়াসে (৬-৪, ৬-১, ৬-২) হারিয়েছেন মারে। আজ অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও ডেভিড ফেরার।সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চমকে দিয়ে সেমিফাইনালে উঠে আসা স্লোয়ান স্টিভেনসের জন্য অবশ্য অপেক্ষা করছে বড় পরীক্ষা—বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। আজ অন্য সেমিফাইনালে মুখোমুখি লি না ও মারিয়া শারাপোভা।সেরেনার বিদায় মেয়েদের শিরোপা লড়াইটাকে উন্মুক্ত করে দিল। দুর্দান্ত ফর্মে থাকা শারাপোভাকে হয়তো কেউ ফেবারিট বলবেন। কিন্তু বাকি তিনজনকেও বাতিলের খাতায় ফেলে দেওয়া যাচ্ছে না। পুরুষদের কোর্টেও লড়াইটা অন্তত তিনজনের মধ্যে। এএফপি।