ঘাম ঝরিয়ে জিতল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই জার্মানদের স্বস্তি এনে দেওয়া গোলটা করলেন আন্দ্রে শুরলে। পরে আরও একটা গোল করেছেন মেসুত ওজিল। শেষ মুহূর্তে আলজেরিয়ার হয়ে একটা গোল শোধ করেন জাবু।  আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জার্মানি l রয়টার্স
গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই জার্মানদের স্বস্তি এনে দেওয়া গোলটা করলেন আন্দ্রে শুরলে। পরে আরও একটা গোল করেছেন মেসুত ওজিল। শেষ মুহূর্তে আলজেরিয়ার হয়ে একটা গোল শোধ করেন জাবু। আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জার্মানি l রয়টার্স

১৯৮২ সালে বিশ্বকাপের প্রথম মুখোমুখি লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল আলজেরিয়া। আজ আলজেরিয়াকে ঠিক সেই একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে জার্মানি। তবে জয়টা মোটেও সহজ ছিল না জার্মানদের জন্য। নির্ধারিত ৯০ মিনিট গোলশূণ্য থাকার পর ম্যাচের তিনটি গোলই হয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই হয়েছে দুইটি গোল।

আলজেরিয়াকে হারাল জার্মানি
আলজেরিয়াকে হারাল জার্মানি

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৬৯ শতাংশ সময়ই বলের দখল ছিল জার্মানির কাছে। আলজেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে ২৬টি শট নিয়েছিলেন জার্মান ফুটবলাররা। কিন্তু রাইস এতবোলহি যেন গড়েছিলেন দুর্ভেদ্য দেয়াল। কমপক্ষে পাঁচ-ছয়বার দুর্দান্ত দক্ষতায় জার্মানিকে গোলবঞ্চিত করেছেন আলজেরিয়ার এই গোলরক্ষক।

কিন্তু অতিরিক্ত সময়ে জার্মান মেশিনকে আর রুখতে পারেনি আলজেরিয়ার রক্ষণভাগ। অতিরিক্ত সময়ের শুরুতেই টমাস মুলারের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়িয়েছেন আন্দ্রে শুরলে। ১১৯ মিনিটে জার্মানির পক্ষে আরেকটি গোল করেছেন মেসুত ওজিল। এই গোলটাও যে জার্মানির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বোঝা গেছে দুই মিনিট পরেই। ১২১ মিনিটে জার্মানির জালেও বল জড়িয়ে দিয়েছেন আবদেলমুমেন জাবু। ওজিল গোলটা না করলে ১-১ গোলের সমতার পর পেনাল্টি শুটআউটের ভাগ্যপরীক্ষায় নামতে হতো জার্মানিকে।

আজ শেষ ষোলোর অপর ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল ফ্রান্স। বিশ্বকাপে আফ্রিকার শেষ প্রতিনিধি আলজেরিয়াও বিদায় নিল জার্মানির কাছে হেরে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও জার্মানি।