ঘাম ঝরিয়ে সেমিতে রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরোধ গড়েও শেষ পর্যন্ত পারলেন না আল আমিন। ফেনী সকারের এই গোলরক্ষক ১১২ মিনিটে হজম করলেন ম্যাচের একমাত্র গোলটা। সেই গোলটার সঙ্গেও মিশে আছে দুর্ভাগ্য। ওই গোলই শক্তিশালী শেখ রাসেলকে তুলে দিয়েছে ফেড কাপের সেমিফাইনালে।নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল দেখেনি ম্যাচটা। এমিলি, মিঠুন, জাহিদদের দল শেখ রাসেল যখন টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় নামার প্রস্তুতি নিচ্ছিল, তখনই রাসেল ডিফেন্ডার লিংকন নিরীহদর্শন একটা শট নিলেন সকারের গোলমুখে। সেই বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় লাগে সকারের ডিফেন্ডার আরাফাত রনির। বল দিক পরিবর্তন করে পোস্টের কোনা দিয়ে জালে। গোলরক্ষক আল আমিন বলে হাত ছোঁয়ালেও গোল আটকাতে পারেননি।বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ কালও ভালো ফুটবলের পথে বাধা হয়েই থাকল। কাদা মাঠ শুকানোর পর এদিন মাঠে বালু দেওয়া হয়। তাতে অনেক সময়ই বল আটকে গেছে। পাসিং একেবারেই ঠিক ছিল না কোনো দলের। তার পরও এমিলি-মিঠুনরা প্রথম পাঁচ মিনিটেই তিনবার গোলের সুযোগ তৈরি করেছেন। পরে আরও কিছু সুযোগ এলেও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সকারের গোলরক্ষক।