ম্যাচ শুরু হয়েছিল কিংবদন্তি পাকো হেন্তোর প্রতি শ্রদ্ধা জানিয়ে। ম্যাচ শুরু হওয়ার আগে রিয়ালের সব খেলোয়াড় নেমেছিলেন হেন্তোর ১১ নম্বর জার্সি পরে। গত সপ্তাহেই চিরবিদায় নিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ১২টি লা লিগা জেতা এই উইঙ্গার। তাঁর জেতা সব ট্রফি মাঠে হাজির করে আবারও নিজেদের উচ্চাকাঙ্ক্ষার কথা সমর্থকদের জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সে ম্যাচেই হতাশ করেছে রিয়ালের বর্তমান দল।
ঘরের মাঠে এলচের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ ১০ মিনিটে ২ গোল করে হার এড়িয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। ঘাম ঝরানো ড্রতে লিগে দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থাকল রিয়াল।
হেন্তোর স্মরণেই হয়তো আজ এলচের বিপক্ষে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ খেলেছে এ বছরের সেরা ফুটবল। করিম বেনজেমা ও ভিনিসিয়ুস ছিলেন সামনে। কাগজে-কলমে ডান প্রান্তে এডেন হ্যাজার্ড থাকলেও মাঠে বেলজিয়ান উইঙ্গার খেলেছেন বেনজেমার একটু পেছনে। মাঝমাঠে মদরিচের সঙ্গে বেশি দেখা গেছে তাঁকে। বহুদিন পর সেই হ্যাজার্ডের দেখা মিলেছে, যার জন্য নিজেদের দলবদলের রেকর্ড ভেঙেছে রিয়াল। ওদিকে এলচে অনেক নিচে রক্ষণব্যূহ সৃষ্টি করায় টনি ক্রুসও সুযোগ পেয়েছেন মাঝমাঠ থেকে দুই উইংয়ে বল পাঠানোর।
একের পর এক আক্রমণ করেছে রিয়াল। কিন্তু বল নিয়ে বক্সে ঢুকতে গেলেই খেই হারিয়েছে তারা। তবে ৩১ মিনিটে ভিনিসিয়ুস একটা পেনাল্টি এনে দিয়েছিলেন। যদিও এর আগে টনি ক্রুস যেভাবে বল কেড়ে নিয়েছেন, সেটা ফাউল ছিল কি না, এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বেনজেমা। ১৩ বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে এই প্রথম কোনো পেনাল্টি থেকে গোল করতে পারেননি বেনজেমা!
পেনাল্টি থেকে গোল করতে না করার ব্যর্থতা রিয়ালকে পুড়িয়েছে ১০ মিনিট পরই। ম্যাচে এলচের প্রথম ভালো আক্রমণেই গোল করেছেন লুকাস বোয়ে। বাঁ প্রান্ত থেকে বদলি নামা ফিদেলের ক্রসে হেড করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, রিয়ালের রক্ষণ তখনো বুঝে উঠে পারেনি কী ঘটছে। গোল খেয়েই সমতা ফেরানোর সম্ভাবনা জাগিয়েছিল রিয়াল। কিন্তু বেনজেমার পাস থেকে ফারলাঁ মেন্দির শট ঠেকিয়ে দেন এলচে গোলকিপার এদগার বাদিয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরও তিনবার দলকে বাঁচিয়েছেন বাদিয়া। প্রথমে বেনজেমার শট আটকেছে, এরপর টনি ক্রুসের ফ্রি–কিক ঝাঁপিয়ে ঠেকিয়েছেন। এরপর কাসেমিরোকেও গোলবঞ্চিত করেছেন। ৫১ মিনিটে আবার পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে এবার ভিএআর সে পেনাল্টি নিয়ে আপত্তি জানানোয় বাতিল হয় সে সিদ্ধান্ত। ৫৮ মিনিটে বিপদ বাড়ে রিয়ালের। হ্যামস্ট্রিংয়ের টানে মাঠ ছাড়েন বেনজেমা।
বদলি নামা লুকা ইয়োভিচ আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, তাই হ্যাজার্ডই দায়িত্ব নিলেন কাঁধে। কিন্তু যতই ভালো খেলুন, হ্যাজার্ড নিজে শট নেওয়ার আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিলেন না। ফলে অন্যদের শট নেওয়ার সুযোগ সৃষ্টি করতে গিয়ে আক্রমণ নষ্ট হচ্ছিল। এর মধ্যে ৭০ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন ভিনিসিয়ুস।
৭৬ মিনিটেই রিয়ালের কফিনে চূড়ান্ত পেরেক ঠুকেছে এলচে। বোয়ের দুর্দান্ত পায়ের কাজে রিয়াল রক্ষণ ব্যস্ত হয়ে ওঠে। আলাবা-মিলিতাও বোয়েকে নিয়ে ব্যস্ত, এদিকে পেরে মিয়া প্রায় ফাঁকায় চলে যান। বোয়ের পাস খুঁজে পায় মিয়াকে। মেন্দি ও থিবো কোর্তোয়াকে কোনো সুযোগ না দিয়ে দূরের পোস্টের জালে পাঠান মিয়া।
৮০ মিনিটে ভাগ্যকে পক্ষে পায় রিয়াল। কর্নার থেকে ক্রস করেছিলেন মদরিচ। সেটা আলাবার মাথা ছুঁয়ে মিয়ার হাতে লাগে, রেফারি অবশ্য সেটা দেখেননি। কিন্তু ভিএআর সে সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে গোল করেন মদরিচ। ৮২ মিনিটের এই গোলের পর ম্যাচ বাঁচানোর আশা জাগে রিয়ালের।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কিছু হয়নি। সব আশা যখন শেষ বলে মনে হচ্ছিল, তখনই ব্রাজিলিয়ান রসায়ন রিয়ালকে বাঁচাল। ভিনিসিয়ুস শেষ ৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে একের পর এক ক্রস করছিলেন, কিন্তু সেগুলো কাজে লাগছিল না। ৯২ মিনিটে তাঁর ক্রস থেকে লাফিয়ে হেড করে গোল এনে দিলেন মিলিতাও। ১ পয়েন্ট নিয়ে হাঁপ ছাড়ল রিয়াল।