ঘাসের মাঠে ইংল্যান্ড-বধের ছক প্রোটিয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সিরিজের আলোচিত চরিত্রগুলোর একটি ছিল ‘ভেন্যু’। দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড একেকটি ভেন্যুতে গেছে, আর শুরু হয়ে গেছে সেই ভেন্যুতে দুই দলের অতীত রেকর্ডের তত্ত্ব-তালাশ। ইংল্যান্ডেরই ভেন্যু-ভাগ্য ভালো গেছে। তাদের জন্য পয়া মাঠ ডারবানে ইনিংস ব্যবধানে জিতেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য পয়মন্ত দুই ভেন্যু সেঞ্চুরিয়ন ও কেপটাউন। দুটিই এবার দক্ষিণ আফ্রিকাকে বঞ্চিত করেছে। কিংবা দক্ষিণ আফ্রিকাই সুযোগ নিতে পারেনি সেই। এই দুই মাঠেই জয়ের কিনারা থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে স্বাগতিকদের।সুতরাং আগের তিন ম্যাচের দুটিতেই দাপট দেখিয়েও আজ থেকে শুরু সিরিজের শেষ টেস্টে যখন খেলতে নামবে স্বাগতিকেরা গ্রায়েম স্মিথের মাথায় এই ভাবনা অবশ্যই থাকবে—সিরিজে আর যা-ই হোক, ইংল্যান্ডের পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকা জিতলেও সেটি হবে সিরিজে সমতা ফেরানো। আর কোণঠাসা অবস্থাতেও ম্যাচ বাঁচানোর সক্ষমতা প্রমাণ করে দেওয়া ইংল্যান্ড ড্র করলেই জিতে যাবে সিরিজ। মাত্রই কদিন আগে ভারতের কাছে সমর্পণ করার আগে র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বের মুকুট ছিল যাদের মাথায়, সেই দক্ষিণ আফ্রিকাই এখন নিজেদের ঘরে পরপর দুই টেস্ট সিরিজ পরাজয়ের শঙ্কায়!পুরোনো প্রসঙ্গ ধরেই দেখা যাক, মাঠের পরিসংখ্যান কী বলে? সমান সমান! ওয়ান্ডারার্সে দুই দল সাত ম্যাচে মুখোমুখি হয়েছে এ পর্যন্ত। ২টি করে জয় দুই দলেরই। বাকি তিনটি ড্র।সমান সমান, কিন্তু ইংল্যান্ড আবার এগিয়েও! কীভাবে? এ মাঠে সর্বশেষ ম্যাচটি জিতেছে ইংল্যান্ডই। যে জয় ২০০৫ সালের সিরিজে ২-১-এ জিতিয়ে দিয়েছিল ইংল্যান্ডকেই। স্ট্রাউসেরও ভালো মনে থাকার কথা সেই ম্যাচ। সেই ম্যাচে সেঞ্চুরি আর শূন্য মেরে মাইক গ্যাটিং, জিওফ বয়কট, ইয়ান বোথামদের মতো ইংলিশ গ্রেটের পাশে নাম লিখিয়েছিলেন।স্মিথেরও মনে থাকার কথা ম্যাচটি। আহত অধিনায়ক ম্যাচ বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত আট নম্বরে নেমে গিয়েছিলেন ব্যাট হাতে। ৬৭ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন। কিন্তু বিধ্বংসী ম্যাথু হগার্ডের (৭/৬১) সামনে সেদিন দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ব্যথাটা আজও হয়তো ভোলেননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। স্মিথের জন্য আরও হতাশার, এ মাঠে তাদের সর্বশেষ ছয় টেস্টের চারটিতেই হেরেছে তারা।এখন দুই দলের অন্দরমহলে উঁকি দিয়ে মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা অন্তত ধরেই নিয়েছে, শেষ টেস্ট ড্রয়ের কৌশল এঁটেই খেলবে ইংল্যান্ড। আর তাই মরিয়া দক্ষিণ আফ্রিকা বাঁচন-মরণ মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়বে এখানে। গতকাল পর্যন্ত উইকেটও ছিল সবুজাভ। ঘাস যে ছেঁটে ফেলা হবে না সেটি ডেল স্টেইনের কথায় পরিষ্কার, ‘আমরা যদি ফ্লাট উইকেট বানাই, তাহলে সেটি হবে ইংল্যান্ডের হাতে সিরিজ তুলে দেওয়া।’ওদিকে ম্যাট প্রিয়র জানাচ্ছেন, ড্রয়ের নেতিবাচক মানসিকতা দলের কারও মধ্যেই নেই, ‘আমরা এখানে সিরিজ ড্র করতে আসিনি। আমরা এখানে জিততে এসেছি। ২-০-তে জিততে পারলে সেটি হবে স্বপ্নপূরণ।’দক্ষিণ আফ্রিকা জিততে মরিয়া। ইংল্যান্ডও। কী বুঝছেন? ম্যাচটা দেখার জন্য হাতে যথেষ্ট সময় রাখতে ভুলবেন না যেন!