ঘাসের মাঠে সাফল্যের প্রতীক্ষা
নোভাক জোকোভিচের ফর্মটা দুর্দান্তই যাচ্ছে। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে রজার ফেদেরারের কাছে হেরে তাঁর সেই স্বপ্নযাত্রার সমাপ্তি হয়েছে। এ বছর অস্ট্রেলীয় ওপেন জিতেছেন, জিতেছেন চারটি মাস্টার্স শিরোপা। সব মিলিয়ে টেনিসের সবচেয়ে মর্যাদাকর আসর উইম্বলডনের সবুজ ঘাসে মাঠে নামার প্রাক-প্রস্তুতিটা কিন্তু দারুণই বলা যেতে পারে এই সার্বীয় তারকার।ফেদেরারের কাছে ফ্রেঞ্চ ওপেনের সেই সেমিতে হেরে যাওয়ার আগে জোকোভিচ ভেঙেছিলেন কিংবদন্তি জন ম্যাকেনরোর টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। দারুণ ফর্মে থাকা জোকোভিচের বিশ্ব র্যাঙ্কিং কিন্তু রাফায়েল নাদালের ঠিক পরপরই।ঘাসের মাঠে জোকোভিচের অতীত রেকর্ড কিন্তু তাঁর পক্ষে কথা বলছে না। বারবার উইম্বলডনের আসরে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ঘাসের মাঠে তাঁর এই ব্যর্থতার রেকর্ড যতটা ব্যক্তিগত নৈপুণ্যশৈলীর, তার চেয়ে অনেক বেশি ঘাসের অনিশ্চয়তায় তাঁর মানিয়ে নিতে না পারাই।উইম্বলডনে জোকোভিচের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। কোনো দিনই ঘাসের মাঠে শিরোপা তিনি জেতেননি। তবে এবারের ব্যাপারটি ভিন্ন। তিনি নিজেই জানিয়েছেন, এবারের উইম্বলডন আসর থেকে সাফল্য তুলে নেওয়ার সব প্রস্তুতিই তিনি শেষ করেছেন। নিজের ফর্ম, ফিটনেস ইত্যাদিও অতীতের যেকোনো সময়ের তুলনায় অন্যমাত্রারই মনে করছেন তিনি।‘আমি মানসিক ও শারীরিক দিক দিয়ে অন্য রকম অনুভব করছি। গত ছয় মাসের সাফল্যযাত্রার পর এবারের উইম্বলডনে মাঠে নামার আগে আমি একটু অন্য রকম উদ্দীপনাই বোধ করছি।’ বলেছেন জোকোভিচ।সাফল্য তাঁকে অন্য রকম এক অনুপ্রেরণাই দিয়েছে, দিয়েছে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের বলেই জোকোভিচ এবার অল ইংল্যান্ড ক্লাবের কোর্ট থেকে সাফল্য তুলে আনবেন—এটা তিনি বিশ্বাস করেন।জোকোভিচ উইম্বলডনকে সবচেয়ে সেরা ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘এই আসরে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।’আগেই বলা হয়েছে, কোর্টের রকমফের কিছুটা রহস্যই তৈরি করেছে জোকোভিচের ক্যারিয়ারে। তিনি নিজেও স্বীকার করেছেন তাঁর বেইসলাইন স্টাইলটা ঘাসের মাঠের চেয়ে শক্ত কোর্টের জন্যই বেশি উপযুক্ত। সে কারণে তিনি উইম্বলডনে সাফল্য পাননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘কিছুটা দ্রুতগতির কোর্ট থেকে ধীরগতির কোর্টে নিজের খেলায় পরিবর্তন আনাটা কঠিন। তিনি ঘাসের মাঠের জন্য টেকনিক ও অ্যাপ্রোচেও বেশ কিছু পরিবর্তন এনেছেন বলে জানান। তিনি মনে করেন, এই পরিবর্তনগুলো কাজে আসবে।ফেদেরারের কাছে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে হেরে যাওয়াটা তাঁর ফর্মের ছন্দপতন কি না—এমন প্রশ্ন ইদানীং ছুটে যাচ্ছে জোকোভিচের দিকে। তিনি এ ব্যাপারে বলেন, ‘ওটা অনেক বড় ম্যাচ ছিল। নির্দিষ্ট দিনে সেদিন ফেদেরার ছিলেন আমার চেয়ে ভালো।’ ওয়েবসাইট।