ঘুচে যাক আজ টি-টোয়েন্টির ধাঁধাও
তিন ঘণ্টার বিনোদন থেকে টি-টোয়েন্টি যখন সিরিয়াস বিষয় হয়ে গেল, মনে হয়েছিল বাংলাদেশের জন্য এটি খুব ভালো হলো!বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতাগুলো যে টি-টোয়েন্টিতে শক্তির দিক বলে বিবেচিত। ওরা বেশি স্ট্রোক খেলে, লম্বা ইনিংস খেলতে পারে না, ঝোড়ো ৩০-৪০ করেই আউট হয়ে যায়...টেস্টে তো অবশ্যই ‘অপরাধ’ হিসেবে গণ্য। কখনো কখনো ওয়ানডেতেও। কিন্তু টি-টোয়েন্টির চাহিদা তো এগুলোই। শুরুটাও ছিল খুব ভালো। প্রথম দুই ম্যাচেই জয়। ঠিক আছে, সেই দুটি জয় জিম্বাবুয়ে আর কেনিয়ার বিপক্ষে। কিন্তু চতুর্থ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২০০৭ টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়ার পর মনে হয়েছিল, টেস্ট-ওয়ানডেতে যেমন-তেমন, এই ফরম্যাটে বাংলাদেশ বিশ্ব কাঁপিয়ে ছাড়বে।সেই ভুল ভেঙে যেতে সময় লাগেনি। টি-টোয়েন্টির ওই ধুমধাড়াক্কা ক্রিকেটের মধ্যেও একটা নিয়ম আছে, হিসাব-নিকাশ আছে, অন্যসব দেশ খুব দ্রুতই তা ধরে ফেললেও বাংলাদেশ তা পারেনি। যে কারণে প্রথম চার ম্যাচেই যেখানে তিন জয়, ২৭ ম্যাচ খেলার পরও জয়ের ঘরে সংখ্যাটা মাত্র ‘৮’।এখানেও আবার টীকা লাগছে। আট জয়ের মাত্র দুটিই তো বড় কোনো দলের বিপক্ষে। কাকতালীয়ভাবে দুবারই ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড, হল্যান্ডের বিপক্ষে জয়গুলোকে বাদ দিলে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড তাই বড়ই বিবর্ণ। সেটিতে কিছুটা হলেও উজ্জ্বলতা যোগ করার সুবর্ণ সুযোগ আজ। যতই সনাৎ জয়াসুরিয়ার অ্যান্ড কোংয়ের ‘গিনিপিগ’ দল হোক, বাংলাদেশ জিতলে সেটি তো বিবেচিত হবে র্যাঙ্কিংয়ে এক নম্বর দলকে হারানোর গৌরব বলেই।শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের হীনবল হয়ে যাওয়াটা নির্বাচকেরা ভবিষ্যতের দিকে দৃষ্টি ছড়িয়ে দেওয়ার কারণে। বাংলাদেশও তো হীনবল, তবে সেটির কারণ ‘ইনজুরি’ নামক দৈবদুর্বিপাক। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোর পর অধিনায়ক মুশফিকুর রহিম যে এটিকে ‘দেশের বাইরে বাংলাদেশের সেরা জয়’ বলে ফেললেন, এতেও নিশ্চয়ই এর ভূমিকা আছে। এক মাহেলা জয়াবর্ধনেকে বাদ দিলে শ্রীলঙ্কার সেরা দলই খেলেছে এই সিরিজে, বাংলাদেশ দলে যেখানে প্রথম পছন্দের অন্তত চার-পাঁচজন নেই।সেই দল নিয়েই বাংলাদেশ যা দেখাল, সেটির তুল্য কিছু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কায় এই সফর অনেক কিছু দিয়েছে। টেস্টে প্রথম ড্র, ওয়ানডেতে প্রথম জয়ে সিরিজ ড্র...সফরের শেষটা যদি টি-টোয়েন্টি জয় দিয়ে হয়, এটিকেই বলতে হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সফর। হ্যাঁ, ২০০৯ সালে একের পর এক জয়ের ফুলে গাঁথা সেই বিজয়মাল্য মনে রেখেই বলা হচ্ছে এ কথা। সেই সাফল্য তো ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় দলের বিপক্ষে।জয় নিয়ে কি ফেরা হবে দেশে? আশা তো আছেই। সমস্যা একটাই, টি-টোয়েন্টি ক্রিকেটটা বাংলাদেশ এখনো যেন ঠিক বুঝে উঠতে পারেনি। অথবা বুঝলেও ক্রিকেটের এই ফরম্যাটে সাফল্য পাওয়ার মতো স্কিলের অভাব আছে। মুশফিকুর রহিম নির্দ্বিধায় তা স্বীকারও করছেন, ‘টি-টোয়েন্টিতে স্কিল ও মানসিকতার দিক থেকে আমাদের অবশ্যই ঘাটতি আছে। অন্য দলগুলোর চেয়ে এখানে আমরা পিছিয়ে আছি।’নিজের কথার সমর্থনে সুনির্দিষ্ট উদাহরণও দিলেন, ‘মালিঙ্গাকে দেখুন না, ও তিন-চার রকম বল করতে পারে। ২৪টা বলের মধ্যে কোনো বোলার যদি চার রকম বল করতে পারে, কেমন হয় ব্যাপারটা! আমাদের বোলারদের এমন কোনো বাড়তি স্কিল নেই। আমাদের বোলিংয়ে উদ্ভাবনী কিছু করতে হবে। এই বোলিং আক্রমণ নিয়ে হয়তো হবে না, আমাদের নতুন কিছু ভাবতে হবে।’একেবারে ঠিক জায়গাটায় হাত দিয়েছেন মুশফিকুর। টি-টোয়েন্টিকে যতই চার-ছয়ের খেলা মনে করা হোক, শেষ পর্যন্ত এখানেও কিন্তু নির্ধারক সেই বোলাররাই। পুরো বিপরীত মেরুর দুই খেলা হয়েও টেস্ট আর টি-টোয়েন্টিতে আশ্চর্য এক মিল! ওয়ানডে হয়তো ব্যাটসম্যানরা জেতাতে পারে, কিন্তু টেস্টের মতো টি-টোয়েন্টিও জেতান বোলাররাই। টি-টোয়েন্টিতে বোলারদের কাছে দাবিটা বোধ হয় আরও বেশি। এখানে তা অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতা দাবি করে, দাবি করে বৈচিত্র্য।ক্রিকেটের মনোযোগী ছাত্র মুশফিকুর খুব দ্রুতই তা বুঝে ফেলেছেন। বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত তিনিই প্রথম অধিনায়ক, যাঁর ভাবনায় শুধুই বর্তমান নয়, ভবিষ্যতের একটা রূপরেখাও আঁকা। এখানে সমস্যা, এর সমাধান চাই। আমাদের ‘ওর’ মতো একজন বোলার নেই, খুঁজতে হবে। এই সিরিজে যেমন অসাধারণ একটা মন্ত্রে দীক্ষিত করেছেন দলকে—ফলাফল যা-ই হোক, আমাদের খেলায় একটা ধারাবাহিকতা থাকতে হবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, সেই অতৃপ্তির কথা কালও শোনা গেল তাঁর কণ্ঠে। তবে একটা সান্ত্বনাও খুঁজে নিচ্ছেন, ‘অন্য সব সফরে যেমন আমরা কখনো কখনো খুব খারাপ করি, এবার তা হয়নি।’হয়নি বলেই সফরের শেষ ম্যাচে খুব বাজে খেলার ‘ঐতিহ্য’ থেকে এবার বেরিয়ে আসার স্বপ্ন দেখছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় যে মাত্র দুটি জয়, সেই দুটির নায়কই আজকের ম্যাচে আছেন। ২০০৭ বিশ্বকাপে আশরাফুলের অবিস্মরণীয় এক ইনিংসে জয় পেয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় জয়টিতে তো মুশফিকুরেরই সবচেয়ে বড় অবদান।আশরাফুলের যা প্রাপ্য, সেটিও অকাতরে তাঁকে দিয়ে যাচ্ছেন মুশফিকুর। কালও বললেন, ‘ওনার মতো প্রতিভা আমাদের ক্রিকেটে খুব বেশি আসেনি। মাঝখানে ওনার অভিজ্ঞতাটা আমরা মিস করেছি। আশা করি, এখানে তিনি যেমন ধারাবাহিকভাবে ভালো খেলছেন, তেমনই খেলে যাবেন।’শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডের কারণে শ্রীলঙ্কার টিম মিটিংয়ে সব সময়ই আশরাফুলের জন্য বাড়তি কিছুটা সময় বরাদ্দ থাকে। তবে চান্ডিমালের কথা শুনে মনে হলো, এবার সম্ভবত নাসির হোসেনকে নিয়ে আরও বেশি সময় ব্যয় হয়েছে। সংবাদ সম্মেলনে এই একটা নামই বারবার বললেন শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। নাসিরের জন্য নাকি তিন-চার রকম পরিকল্পনাও করা হয়েছে।সেসব ব্যর্থ করে দিয়ে নাসির যদি আজও জ্বলে উঠতে পারেন, বাংলাদেশের ক্রিকেটে নতুন একতারকা হিসেবে সুসম্পন্ন হবে তাঁর অধিষ্ঠান। মুশফিকুর রহিমও হয়তো দেশে ফিরতে পারবেন বিজয়ীর হাসি নিয়ে!