ঘুম ভাঙবে হিগুয়েইনের?

মেসির ভেলায় পার প্রথম রাউন্ডের বৈতরণী। দ্বিতীয় রাউন্ডে খানিকটা হাল ধরলেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। গঞ্জালো হিগুয়েইন কী ঘুমিয়ে থাকবেন আজও?
ঘুমিয়ে যখন আছেন, স্বপ্ন ভ্রমণে গত বিশ্বকাপ থেকেও নিশ্চয়ই বেরিয়ে এসেছেন। বিশ্বকাপটাই যখন ছিল তাঁর কাছে স্বপ্নের মতো। ২০১০ বিশ্বকাপের একমাত্র হ্যাটট্রিক ছিল তাঁরই। কোয়ার্টার ফাইনালের মঞ্চে যখন মেনেছিলেন, গোল্ডেন বুটের দৌড়ে তখন সবার আগে। আজ একই মঞ্চে নামার আগে তিনি কপর্দকশূন্য। যেন গত বিশ্বকাপের কঙ্কাল!
আর্জেন্টিনার ‘ফ্যান্টাস্টিক ফোর’ই যেন হাস্যকর হয়ে গেছে হিগুয়েইনের কারণে। অথচ এই আক্রমণ ভাগেরই আর্জেন্টিনার মূল শক্তি হয়ে দাঁড়ানোর কথা ছিল বিশ্বকাপে। সর্বোচ্চ ৭ ম্যাচের বিশ্বকাপে ৪ ম্যাচ শেষেও সেই আক্রমণ ভাগ মেলতে পারল না ডানা। সার্জিও আগুয়েরোও নিষ্প্রভ, তবে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ঢাল হিসেবে নিতে পারেন চোটকে। প্রথম ম্যাচে চোটের কাঁধে দায় চাপিয়ে দায়মুক্তি চাইতে পারেন হিগুয়েইন। কিন্তু পরের তিন ম্যাচে?
নিষ্প্রভ বললেও যেন কম বলা হয়। সুযোগ সন্ধানী স্ট্রাইকার হিসেবে পরিচিতি যাঁর, ঠিক সময়ে জায়গামতো থাকতে পারা যাঁর বড় শক্তি, সেই হিগুয়েইনকে মাঠে খুঁজে পাওয়াই মুশকিল। চার ম্যাচে গোলে শট তাই মাত্র ৭টি! আর বল তাঁকে খুঁজে পেলে যা হচ্ছে, হিগুয়েইনের ভাবমূর্তির জন্য সেটা গর্বের নয়। গোল মিস স্ট্রাইকাররা করতেই পারেন। কিন্তু প্রায়ই তাঁকে মনে হচ্ছে যেন নবিশ। বক্সে বল পেলে যিনি গোলে পাঠাতে ভুল করেন না, সেই তিনিই বল পেলে বুঝে উঠতে পারছেন না কী করবেন!
অথচ গত বিশ্বকাপের চেয়েও বেশি সম্ভাবনা নিয়ে এসেছিলেন এবার। সেবার বয়স ছিল ২২ বছর। এবার চার বছর বয়স যেমন বেড়েছে, অভিজ্ঞতায়ও ঋদ্ধ। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে বছর ছয়েক খেলে গত মৌসুমে ঠিকানা বানিয়েছেন ইতালির নাপোলিকে। সেখানে যথেষ্টই সফল, সিরি ‘আ’তে করেছেন ১৭ গোল। জাতীয় দলে তিনি বরাবরই ধারাবাহিক। বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৯ গোল। ২৬ বছর বয়সে দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন, এই বয়সে করিম বেনজেমা খেলছেন প্রথম বিশ্বকাপ। কিন্তু অভিজ্ঞতার ভাড়ারটা সমৃদ্ধ বলে হিগুয়েইনের কাছেই প্রত্যাশা ছিল অনেক বেশি।
সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি। তবে সুযোগ শেষ হয়ে যায়নি। মেসি তো দলকে টেনেই এনেছেন এই পর্যন্ত। আজ হিগুয়েইনও যদি জেগে ওঠেন, আর্জেন্টিনার জয়রথটা এগিয়ে যায় আরেকটু! তথ্যসূত্র: এএফপি।