ঘুমকাতুরে অ্যাবটই শেষে নায়ক
অভিষেক ইনিংসেই ২৯ রানে ৭ উইকেট। স্বপ্নকেও হার মানানো অভিষেক। অথচ আরেকটু হলে কাইল অ্যাবটের স্বপ্নময় অভিষেকের সুযোগটাই হাতছাড়া হয়ে যাচ্ছিল প্রায়। সেটাও কিনা ঘুমের জন্য!ঘটনাটা ছয় দিন আগের। সকালে বেঘোরে ঘুমোচ্ছিলেন অ্যাবট। হঠাৎই তাঁর মুঠোফোন বেজে ওঠে। ঘুম-লাগা চোখে দেখেন অপরিচিত নম্বর। আজেবাজে কথা বলে আরামের ঘুম নষ্ট করার কোনো মানে আছে! কলটা কেটে দিয়ে রিংটোন সাইলেন্ট করে আবার ঘুমিয়ে পড়েন। ডলফিনসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলার চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে যাওয়া ঘুমকাতুরে অ্যাবট ধারণাই করতে পারেননি ওটা ছিল তাঁর আজন্ম স্বপ্ন পূরণের ডাক। ফোনটা করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসন!ভুলটা ভাঙল ঘুম ভাঙার পর মুঠোফোনের ভয়েস মেসেজ দেখে। অ্যাবটই বলেছেন, ‘ঘুম থেকে উঠে দেখি একটা ভয়েস মেসেজ। আমি ভাবি দ্রুত কল ব্যাক করাটাই ভালো হবে।’ ছয় দিনের ব্যবধানে সেই অ্যাবট এখন নায়ক। মরকেলের চোটের কারণে প্রথমে ডাক পান বিকল্প খেলোয়াড় হিসেবে। তাতে কী! জাতীয় দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটাও তো কম নয়! অ্যাবট রোমাঞ্চিতই ছিলেন। কিন্তু শুধু এই রোমাঞ্চই নয়, ভাগ্য অ্যাবটকে নামিয়ে দেয় মাঠেই। তারপর তো ইতিহাসই গড়ে ফেললেন।বৃহস্পতিবার সকালে টেস্টের আগের দিন ক্যালিসের চোটের কথা জানিয়ে কোচ গ্যারি কারস্টেনই প্রথম ইঙ্গিতটা দিয়েছিলেন, ‘তুমি দলে থাকতেও পার।’ কিন্তু ২৫ বছর বয়সী পেসার প্রত্যাশাকে উঁচু তারে বাঁধতে পারছিলেন না, ‘জ্যাক স্ক্যান করাতে গিয়েছিল। আমি মনে করেছিলাম, সে হয়তো দলে ফিরবে।’ অ্যাবটের সংশয় ভাঙে বিকেলে। কোচ কারস্টেন নিশ্চিত জানিয়ে দেন, ক্যালিসের পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে খেলছেন অ্যাবটই। তার পরও অ্যাবটের বিস্ময়ের ঘোর কাটছিল না, ‘পরের দিন সকালে মাঠে যাওয়ার জন্য টিম বাসে ওঠার আগ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না!’অ্যাবটের বিস্ময় নিশ্চয় কেটে গেছে। কিন্তু বল হাতে যা করেছেন, তাতে পুরো ক্রিকেট বিশ্বই কি বিস্মিত নয়? আগুনের গোলা ছুড়ে গেলেন একের পর এক। তাতে পুড়ে ছারখার পাকিস্তান। ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলেন ১৫৬ রানে। গড়লেন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় এবং সব মিলিয়ে অভিষেক ইনিংসে নবম সেরা বোলিং রেকর্ড। ম্যাচে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গতি খুব বেশি নয়। কিন্তু অসাধারণ লাইন-লেন্থের সঙ্গে মেশালেন সুইং। সবচেয়ে বড় কথা, নিজেকে এমন শান্ত রেখে বল করে গেলেন, যেন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১০ বছর ধরে! সহ-অধিনায়ক ডি ভিলিয়ার্স যেমন বললেন, ‘সত্যিই সে ছিল ধারাবাহিক। এতটুকুও নার্ভাস মনে হয়নি তাকে। সে অধিনায়কের স্বপ্ন। নিজের ওপর তার নিয়ন্ত্রণ অসাধারণ, সে জানে তাকে কী করতে হবে।’প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ২০০৯ সালে কাওয়াজুলু নাটালের হয়ে। পরে ডলফিনসের হয়ে ৩৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা অ্যাবটের গত মৌসুমটি গেছে দারুণ। সানফয়েল সিরিজে ৯ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ৪৯ উইকেট। পুরস্কারটাও অ্যাবট পেয়ে গেলেন দ্রুতই। পুরস্কার তো আসলে পেল দক্ষিণ আফ্রিকা! এএফপি।