ঘুমপাড়ানি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেট, পেসারদের জন্য তো বটেই। তবে পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে সবকিছুর আগে বলতে হয়, ক্রিকেট-দর্শকের জন্য কঠিন একটা দিন! বারবাডোজের প্রথম দিনটিই যেন ফিরে এল ত্রিনিদাদে। সেই ম্যাড়মেড়ে ক্রিকেট, মন্থর উইকেটে ব্যাটসম্যানদের লড়াই, ওভারপ্রতি আড়াইয়ের কম রান। আবারও প্রথম দিন শেষে কোনো এক দলকে এগিয়ে রাখা মুশকিল। পুরো ৯০ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া ৫ উইকেটে তুলেছে ২০৮ রান। তবে উইকেটের যে অবস্থা, তাতে তিন শ রানও খুব একটা খারাপ হবে না। প্রথম সেশন থেকেই টার্ন পেয়েছেন স্পিনাররা। সময়ের সঙ্গে টার্ন বেড়েছে। যদিও তা ধীরগতির। ব্যাটসম্যানদের সারা দিনই অস্বস্তিতে রাখলেও তাই ঠিক ভয়ংকর হয়ে উঠতে পারেননি কোনো স্পিনার।তবে ম্যাচের ভাগ্য হয়তো গড়ে দেবেন স্পিনাররাই। অ্যাকশন শুধরে দেড় বছর পর ফিরে দারুণ বোলিং করেছেন শেন শিলিংফোর্ড। এই অফ স্পিনার একাদশে এসেছেন আগের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না-পারা দেবেন্দ্র বিশুর জায়গায়। অস্ট্রেলিয়া খেলছে দুই স্পিনার নিয়ে। গত অ্যাশেজে আলোচিত অভিষেকে আলো ছড়াতে না-পারা মাইকেল বিয়ার সুযোগ পেয়েছেন দ্বিতীয় টেস্ট খেলার, সঙ্গে নাথান লায়ন তো আছেনই। পিঠের চোটের কারণে দলে নেই পিটার সিডল। চোটের সঙ্গে নিয়মিত লড়াই করতে হয়, প্রথম টেস্টের ম্যাচসেরা রায়ান হ্যারিসকে তাই দেওয়া হয়েছে বিশ্রাম।উইকেটের অবস্থাটা পরিষ্কার হয়ে যাবে বোলিং ফিগারের দিকে তাকালেই—প্রথম দিনেই দুই ক্যারিবিয়ান স্পিনার মিলে বোলিং করেছেন অর্ধেকের বেশি (৪৭) ওভার! ওই ৪৭ ওভারে রান এসেছে মাত্র ৮৪। শিলিংফোর্ডের ৩২ ওভারে বাউন্ডারি হয়েছে মাত্র ৫টি, দেওনারায়ণের ১৫ ওভারে দুটি! মন্থর উইকেটে আর নরম হয়ে যাওয়া বলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের লড়াই দেখে নতুন বলই নেয়নি ওয়েস্ট ইন্ডিজ।অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু ভালোই হয়েছিল, প্রথম ১০ ওভারে কাওয়ান-ওয়ার্নার তুলেছিলেন ৪২ রান। স্পিন আক্রমণে আসতেই রান করা কঠিন হয়ে ওঠে। এমনকি শেন ওয়াটসন পর্যন্ত ডানা মেলতে পারেননি। ফিফটি ছুঁতে লেগেছে ১২৮ বল, অনায়াসেই তাঁর ক্যারিয়ারের মন্থরতম ফিফটি। এত লড়াই করেও আরও একবার আউট হয়েছেন ফিফটির পরপর। পুরো দিনে একমাত্র সপ্রভিত ব্যাটিং করা মাইকেল ক্লার্ক দেওনারায়ণের লংহপ তুলে দিয়েছেন স্কয়ার লেগের হাতে। দ্বাদশ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ৬ হাজার রান অবশ্য ছুঁয়েছেন। পেসারদের জন্য বধ্যভূমিতেও কেমার রোচ ফিরিয়েছেন এড কাওয়ান ও রিকি পন্টিংকে। শিলিংফোর্ডের বলে হাসি ও ওয়েডের ক্যাচ না পড়লে দিনটা হয়তো পুরোপুরিই হতে পারত ক্যারিবীয়দের। ওয়েবসাইট।সর্বশেষদ্বিতীয় দিনের শুরুতেই নতুন বল নিয়েছেন ড্যারেন স্যামি। ফলও এসেছে হাতেনাতে। ম্যাথু ওয়েডকে (১১) ফিরিয়েছেন রোচ দিনের দ্বিতীয় ওভারেই। তবে যথারীতি দাঁড়িয়ে গেছেন মাইক হাসি (৬১*); দলকে এগিয়ে নিচ্ছিলেন জেমস প্যাটিনসনকে (২৯*) সঙ্গে নিয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে অস্ট্রেলিয়ার রান ২৮২।