বিশ্বকাপের ক্রিকেট-মঞ্চ থেকে বাংলাদেশের বিদায়ের পর নজরুলের গানটা মন গেয়ে উঠল, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি’। মনে পড়ছে, অবিভক্ত ভারতের সবচেয়ে চৌকস ব্যাটসম্যান রঞ্জিত সিংজির ব্যাটিং স্টাইল সম্পর্কে স্যার নেভিল কার্ডাসের মন্তব্য। তিনি বলেছিলেন, সিংজির ব্যাট চালনা যেন জাদুর কাঠির সঞ্চরণ। এ একটা অনুভূতি নিয়ে মনের ভেতর ক্রিকেটটা লালন করি। এ ‘দলিত-মথিত জীবন’ কখন আবার ক্রিকেটের জাদুর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে।হলো না। যা হোক, সেটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। বলছি, পরবর্তী পর্যায়ের কথা। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমাদের কী করতে হবে?চাপের কথাটা আমি মানতে চাইছি না। সব দেশই নিজের দেশে চাপের মধ্যে থাকে। চাপ নিয়ন্ত্রণ করতে মানসিক স্থৈর্য জীবনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু খেলার মাঠে চাপের সাফাই গাওয়া যায় না। বিপুল দেশপ্রেমের আবেগ নিয়ে দেশ স্বাধীন করা যায়, কিন্তু শুধু বিপুল দেশপ্রেম নিয়ে ক্রিকেট খেলায় ম্যাচ জেতা যায় না। সেখানে দরকার হয় দীর্ঘ টানা পরিশ্রমের ফলে অর্জিত দক্ষতার প্রয়োগ। খেলাধুলা যাঁরা করেন, তাঁরা জানেন যে চাপের ব্যাপারটা আবেগের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা দক্ষতা কম বা দক্ষতা বেশির সঙ্গে সম্পর্কিত। একজন ব্যাটসম্যান যদি ক্রিকেটে সব ধরনের বল খেলতে জানেন, তাহলে তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা শারীরিক রিফ্লেক্সের মধ্য দিয়ে অটোমেটিক কাজ করবে। কোন বলটা কীভাবে খেলতে হবে, সেটা তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতাই নির্দেশ করবে। তাঁর চিন্তায় স্ট্রোক নেওয়ার ব্যাপারে কোনো দ্বিধাই থাকবে না।আমাদের অগোচরে যেটা ঘটে গেল, সেটা হলো পুরো ক্রিকেট অভিযানটা ছিল মিডিয়া হাইপনির্ভর, বাস্তব মাঠভিত্তিক নয়। পত্রিকায় প্রায় পড়েছি, খেলোয়াড়েরা প্রশিক্ষণে না গিয়ে ছুটি কাটিয়েছেন। তাঁদের মন ভালো রাখার জন্য ছুটির ব্যবস্থা রাখা হয়েছিল প্রচুর। প্রশিক্ষণের ব্যাপারে ঘাটতিটাই কদাকারভাবে খেলার মাঠে ফুটে উঠেছে।কোচ বদলানোর কথা উঠেছে। আমার একটা উড়ো প্রস্তাব আছে। যদি তিনি রাজি হন, তাহলে সৌরভ গাঙ্গুলীকে বাংলাদেশের কোচ হিসেবে আনা যায় কি না। তিনি ন্যাটা ওপেনার ছিলেন। বাংলাদেশের টপ অর্ডারে প্রায় সবাই ন্যাটা খেলোয়াড়। সৌরভ বোলিংও করতেন। তিনি নামকরা খেলোয়াড় ও বিজয়ী অধিনায়ক ছিলেন এবং বাঙালি হয়েও তাঁর বুকের পাটা ছিল। বাংলাভাষাভাষীও তিনি। সব মিলিয়ে মনে হয় সৌরভকে প্রস্তাব দেওয়া যেতে পারে।