ঘুমের ওষুধ নিষিদ্ধ অসি অ্যাথলেটদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি আসন্ন লন্ডন অলিম্পিকে অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ঘুমের ওষুধ ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তের সমালোচনা করে দেশটির তারকা শ্যুটার রাসেল মার্ক বলেছেন, এওসির এই সিদ্ধান্ত লন্ডন অলিম্পিকে অস্ট্রেলিয়ার পদক সংখ্যায় প্রভাব সৃষ্টি করতে পারে।রাসেল মার্ক এ নিয়ে ষষ্ঠবারের মতো অলিম্পিক প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে শ্যুটিংয়ের ডাবল-ট্র্যাপ ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন। রাসেল নিজে ঘুমের ওষুধ ব্যবহার করেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঘুমের জন্য যে ওষুধটি খাই, তা মাদকবিরোধী সংস্থা ডব্লিউএডিএ অনুমোদিত। তিনি নিজের ব্যবহূত ওষুধটি দীর্ঘদিন ধরেই খাচ্ছেন বলে জানান।অলিম্পিক সাঁতারে সাবেক সোনাজয়ী সাঁতারু গ্র্যান্ট হ্যাকেটস সম্প্রতি জানিয়েছিলেন যে তিনি একটি ঘুমের ওষুধে আসক্ত হয়ে পড়েছেন। স্টিলনক্স নামের সেই ওষুধটি ছাড়া তিনি রাতে ঘুমাতে পারেন না। এর পরপরই অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি লন্ডন অলিম্পিকে অংশগ্রহণকারী অস্ট্রেলীয় অ্যাথলেটদের ঘুমের ওষুধ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারে রাসেল মার্কের মূল যুক্তিটি হলো অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ বিমান ভ্রমণ করেই ইংল্যান্ডে যেতে হবে অসি অ্যাথলেটদের। লন্ডনে নেমেই তাঁদের জেট-ল্যাগের শিকার হতে হবে। জেট-ল্যাগের সময় ঘুমের ওষুধ খুব কার্যকর। তিনি বলেন, একজন হ্যাকেটস কোনো ওষুধে আসক্ত হয়েছে কী, হয়নি—এ জন্য পুরো অস্ট্রেলীয় দল ঝামেলা পোহাবে কেন? ‘এওসির এই সিদ্ধান্ত অলিম্পিকে অস্ট্রেলিয়ার পদক সংখ্যায় প্রভাব ফেলবে।’ রাসেলের মন্তব্য। তিনি বলেন, রাতে ঘুম না হলে ইভেন্টের সময় যেকোনো খেলোয়াড়েরই পারফরম্যান্স খারাপ হতে বাধ্য। রাসেল বলেন, ‘আমার যদি রাতে অন্তত আট ঘণ্টা ঘুম না হয়, তাহলে অলিম্পিকে গিয়ে কী লাভ! ঘুম ভালো না হলে আমার পারফরম্যান্সও ভালো হবে না।’এদিকে সাবেক অলিম্পিক সাঁতারু ট্র্যাভিস নেদারপেল্ট রাসেল মার্কের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তা অ্যাথলেটদের পারফরম্যান্সে প্রভাব সৃষ্টি করবে। একজনের প্রতিদিনের অভ্যাসে হস্তক্ষেপ করে কখনোই তাঁর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।’ রয়টার্স।