ঘুরে দাঁড়ানোর আশা মানচিনির
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শুরুটা মোটেই ভালোভাবে করতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। প্রথম তিন ম্যাচ পরে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ইউরোপসেরার লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়া তাই এখন কিছুটা অনিশ্চয়তার মুখেই পড়ে গেছে ম্যানসিটির জন্য। তবে আগামী ম্যাচগুলোয় তারা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কোচ রবার্তো মানচিনি। আর চ্যাম্পিয়নস লিগের ফলাফল প্রিমিয়ার লিগের খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ।চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর শেষ ম্যাচে অ্যাজাক্সের কাছেও ৩-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। তিন ম্যাচ পর এখন পয়েন্ট তালিকা তারা আছে সবার শেষে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে ম্যানসিটিকে। আর সেই কাজটা অসম্ভব বলেও মনে করছেন না কোচ রবার্তো মানচিনি। তিনি বলেছেন, ‘আমরা এবার দ্বিতীয়বারের মতো খেলছি চ্যাম্পিয়নস লিগে। আমাদের আরও উন্নতি করতে হবে। কিন্তু খেলাগুলো সবই এক রকম। কাজেই আমার মনে হয়, ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তি আমাদের আছে।’ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে ম্যানচেস্টার সিটি। আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা। সমানসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি।—ইএসপিএন