ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা
প্রায় হেরে যাওয়া ম্যাচেও জয়ের আশা জাগিয়েছিলেন থিসারা পেরেরা। তাঁর ৪৯ বলে ৬৫ রানের ইনিংসটা যেন অসম্ভবকেই সম্ভব করার ইঙ্গিত দিচ্ছিল। শেষপর্যন্ত উইকেটে থাকতে পারলে কী হতো বলা মুশকিল। কিন্তু হয়নি তেমনটা। ৪৩তম ওভারে পেরেরা আউট হওয়ার পরই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার হার। পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি স্বাগতিকেরা। ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ ওভারের মধ্যেই লঙ্কানরা গুটিয়ে গেছে ১৬৭ রানে। ৫৬ রানের জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা এখনো এগিয়ে আছে ২-১ ব্যবধানে।
মাত্র ১৬ রানেই তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিলেন জয়াবর্ধনে (২৪) ও দিনেশ চান্দিমাল (২৯)। ২৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে ৭১ রান। কিন্তু পরবর্তী সাত ওভারে লঙ্কান শিবিরে বড় আঘাত হানেন প্রোটিয়া বোলাররা। একে একে সাজঘরে ফেরেন জয়াবর্ধনে, চান্দিমাল, অ্যাঞ্জেলো পেরেরা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৩ রান। প্রায় নিশ্চিতই হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জয়। কিন্তু সফরকারীদের কাজটা কঠিন করে তোলেন পেরেরা। অষ্টম উইকেটে রঙ্গনা হেরাথকে সঙ্গে নিয়ে গড়েন ৭২ রানের জুটি। যদিও শেষরক্ষা করতে পারেননি। ৪৩তম ওভারে পেরেরা সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গেই নিভে গেছে লঙ্কানদের আশার প্রদীপ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। হারলেই সিরিজ হারও নিশ্চিত—এই কঠিন সমীকরণ মাথায় রেখে ডি ভিলিয়ার্স নিজে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৪৭ রান। তবে ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকাকে লড়াই করার পুঁজিটুকু এনে দিয়েছেন আসলে ডেভিড মিলার। সাতে নেমে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৫ রান করেছেন এই বাঁ-হাতি। ষষ্ঠ উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে ৪৮ রানের পর অষ্টম উইকেটে ম্যাকলারেনের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি।