
এক সময় মনে হচ্ছিল অনায়াসেই তিন শ পেরোবে শ্রীলঙ্কা। ঠিকমতো ঝড় তুলতে পারলে স্কোরটা সাড়ে তিন শর কাছাকাছিও যেতে পারে। শেষ পর্যন্ত পাকিস্তানের বোলাররা তিন শ পেরোতে দেয়নি শ্রীলঙ্কাকে। ২৯৬ রানে থামিয়ে দিয়েছে। তাই বলে পাকিস্তানের কাজটাও কিন্তু সহজ হবে না। পরে ব্যাট করে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার মাত্র চারটি নজির আছে এশিয়া কাপে।
পাকিস্তান নিজেই একবার ২০০৮ এশিয়া কাপে ভারতের ৩০৮ রান পেরিয়ে গিয়েছিল অনায়াসে। ওভারে ছয়ের ওপর রান তুলে ১ উইকেটে ৭৭ তুলে ফেলা পাকিস্তান আজও ভালো মতোই ছুটছিল। কিন্তু টানা দুই ওভারে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট দুটো হারিয়ে চাপের মুখে পড়ে যায়। ৮৩ তুলতেই নেই ৩ উইকেট। চারে নামা শোহাইব মাকসুদ ১৭ রান করে ফিরে গেলে কক্ষপথ থেকে ছিটকেই পড়ে পাকিস্তান। ১২১ রানে হারায় ৪ উইকেট।
পাকিস্তানকে আবার কক্ষপথে ফেরাচ্ছেন অধিনায়ক মিসবাহ-উল হক। সঙ্গে আছেন উমর আকমল। দুজনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ভালোমতোই ম্যাচে ফিরেছে পাকিস্তান। চল্লিশের দোড়গোড়াতেও দাঁড়িয়ে ফর্মের তুঙ্গে থাকা মিসবাহ ৬১ রানে অপরাজিত। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ দশ ইনিংসে এটি তাঁর অষ্টম পঞ্চাশোর্ধ স্কোর! আকমলের রান ৪১। ৩৮ ওভারে ৪ উইকেটে ২০২ করেছে পাকিস্তান। শেষ ১২ ওভারে তাদের চাই ৯৫।
ফতুল্লার উইকেটে বোলারদের জন্য কিছু নেই। টসে জিতে ব্যাটিং নিতে তাই দুবার ভাবেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। লাহিরু থিরিমান্নে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাঁর ১০২, কুমার সাঙ্গাকারার ৬৭ আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ৫৫ রানে ভর করে ৬ উইকেটে ২৯৬ রান তুলল শ্রীলঙ্কা।
থিরিমান্নের প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না। শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যত্ তারকাদের একজনই ভাবা হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে মেলে ধরতে পারছিলেন না। গত বছর জানুয়ারিতে প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর টানা ১৮ ইনিংসে মাত্র দুটো ফিফটি। অবশেষে বড় উপলক্ষ পেতেই নিজেকে মেলে ধরলেন এই বাঁ হাতি ওপেনার।
আরও বড় স্কোরের পূর্বাভাসই দিচ্ছিল লঙ্কানরা। ৩৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ২ উইকেটে ২০৩। হাতে উইকেট রেখেও শেষ ৯০ বলে ৯৩ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। বলা ভালো তুলতে দেয়নি পাকিস্তানের বোলাররাই।
২৮ রানে ওপেনার কুশল পেরেরার উইকেটটি হারালেও দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি গড়ে পাকিস্তানিদের ঘাম ছুটিয়ে ছাড়েন থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দেশে ফিরে গিয়েছিলেন। তবে সাঙ্গাকারার রানের চাকার গতিতে তাতে কোনো হেরফের হয়নি। উমর গুলের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেছেন ৬৭। খানিকক্ষণ পর থিরিমান্নেও ফিরে গেছেন।
১৫ রানের মধ্যেই এই দুজনকে ফিরিয়েই আসলে ব্যাটিং পাওয়ার প্লেতে লঙ্কানদের ঝড়ের বেগে রান তুলতে দেয়নি পাকিস্তান। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারেই থিরিমান্নেকে ফিরিয়ে উইকেটে দুই নতুন ব্যাটসম্যানকে এনে ফেলে মিসবাহর দল। ওই পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ২৯ রান তোলে শ্রীলঙ্কা। ৩৯তম ওভারের শেষ বল থেকে ৪৬তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত মাঝখানের ৪৫ বলে একটির বেশি চার মারতে পারেনি লঙ্কানরা। তাতেই লঙ্কানদের তিন শর নিচে আটকে রাখতে সমর্থ হয় পাকিস্তান।